উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহী বিভাগে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের সব প্রস্তুতি শেষ পর্যায়ে

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৮ অপরাহ্ণ
রাজশাহী বিভাগে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের সব প্রস্তুতি শেষ পর্যায়ে

রাজশাহী বিভাগের আট জেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। আজ রোববার বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের অ্যাডভোকেসি সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

অ্যাডভোকেসি সভায় ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা জানান, প্রতিটি কেন্দ্রের জন্য বিস্তারিত মাইক্রো প্ল্যান করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পাঁচ সদস্যের টিকাদান দল দায়িত্ব পালন করবে। এ দলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের দুইজন স্বাস্থ্যকর্মীর সঙ্গে তিনজন স্বেচ্ছাসেবক থাকবেন, যাদের মধ্যে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকরা থাকবেন।

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেন, “টিকাদানের আগের দিন অভিভাবকদের তাদের সন্তানের টিকার তারিখ জানাতে হবে। এছাড়া এতিমখানার শিশুদের রেজিস্ট্রেশন নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তর ও এতিমখানা কর্তৃপক্ষকে উদ্যোগ নিতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীর নিবন্ধন শেষ হয়েছে কিনা তা নিশ্চিত করাও জরুরি।”

সভায় আরও উপস্থিত ছিলেন আট জেলার সিভিল সার্জন, পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালকসহ বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।

Read more — উত্তরাঞ্চল
Home