উত্তরা প্রতিদিন
ঢাকা

আসাউস বিজ্ঞান ক্লাবের উদ্যোগে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৯ অপরাহ্ণ
আসাউস বিজ্ঞান ক্লাবের উদ্যোগে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত

আত্ম ও সামাজিক উন্নয়ন সংস্থা (আসাউস) বিজ্ঞান অনুশীলন ক্লাবের উদ্যোগে এক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। আজ রোববার নগরীর টিকাপাড়া এলাকায় সংস্থার নিজস্ব কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আসাউসের সভাপতি জামাত খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সিনিয়র কিউরেটর সুকল্যাণ বাছাড়। তিনি বলেন, “বিশ্বের উন্নত দেশগুলো অনেক আগে থেকেই বিজ্ঞানমনস্ক ও জ্ঞাননির্ভর সমাজ গড়ে তুলতে কাজ করছে। বাংলাদেশও পিছিয়ে নেই। বিজ্ঞান শিক্ষার পাশাপাশি বিজ্ঞানমনস্কতাকে গুরুত্ব দিতে হবে।”

তিনি আরও বলেন, একজন বিজ্ঞানমনস্ক মানুষ আবেগকে বাদ দিয়ে সত্যের অনুসন্ধান, বস্তুনিষ্ঠতা ও বাস্তবতাকে সামনে আনতে কাজ করেন। এর মধ্য দিয়ে মানুষ যৌক্তিক, সুশৃঙ্খল ও আধুনিক হয় এবং সমাজকে বদলে দেওয়ার নতুন পথ খুঁজে পায়। তবে বিজ্ঞানের আবিষ্কারের অপপ্রয়োগও মানুষের হাতেই হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সুকল্যাণ বাছাড় বলেন, সারাদেশে অসংখ্য বিজ্ঞান ক্লাব বিজ্ঞানমনস্ক মানুষ তৈরিতে ভূমিকা রাখছে। আসাউস বিজ্ঞান ক্লাবও সেই ভূমিকা পালন করবে। এখানকার ক্ষুদে শিক্ষার্থীরা ভবিষ্যতে নতুন উদ্ভাবনে দেশের নাম উজ্জ্বল করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভায় আরও বক্তব্য দেন আসাউসের নির্বাহী পরিচালক দেবাশিষ কুমার প্রামাণিক, রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদসহ অন্যান্য প্রশিক্ষকরা।

Read more — উত্তরাঞ্চল
Home