
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হলো বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৫। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাজশাহীতে দিনটি যথাযোগ্য গুরুত্বের সঙ্গে পালন করা হয়। এ উপলক্ষে রাজশাহী মেট্রো প্রাণিসম্পদ দপ্তর ও জেলা ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং বিনামূল্যে কুকুর-বিড়ালকে টিকা প্রদান কর্মসূচি।
সকালে র্যালিটি প্রাণিসম্পদ হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে স্কুল শিক্ষার্থী, খামারী, প্রাণী চিকিৎসক ও সাধারণ মানুষ অংশ নেন। পরে প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলার সিভিল সার্জন ডা. এস.আই.এম রাজিউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগ-এর প্রফেসর ড. এস. এম. কামরুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতোয়ার রহমান।
আলোচনায় বক্তারা বলেন, জলাতঙ্ক একটি ভয়াবহ ভাইরাসজনিত রোগ। বিশ্বে প্রতিবছর প্রায় ৫৯ হাজার মানুষ জলাতঙ্কে মারা যায়, যার মধ্যে বাংলাদেশে গড়ে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু ঘটে। সচেতনতা বৃদ্ধি ও কুকুর-বিড়ালসহ অন্যান্য পোষা প্রাণীকে নিয়মিত টিকা প্রদানের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব।
বক্তারা আরও জানান, সরকার জলাতঙ্কমুক্ত বাংলাদেশ গড়তে নিয়মিত ভ্যাকসিনেশন কর্মসূচি বাস্তবায়ন করছে। এজন্য প্রত্যেক নাগরিকের দায়িত্ব হলো পোষা প্রাণীকে যথাসময়ে টিকা দেওয়া।
অনুষ্ঠান শেষে শতাধিক কুকুর ও বিড়ালকে বিনামূল্যে জলাতঙ্কের টিকা প্রদান করা হয়।

