উত্তরা প্রতিদিন
ঢাকা

উদ্বোধনের অপেক্ষায় বিশ্বের সবচেয়ে উঁচু সেতু

উত্তরা প্রতিদিন বিদেশ ডেস্ক ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ণ
উদ্বোধনের অপেক্ষায় বিশ্বের সবচেয়ে উঁচু সেতু

দক্ষিণ–পশ্চিম চীনের গুইঝো প্রদেশে বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ আগামী রবিবার (২৮ সেপ্টেম্বর) থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে প্রাদেশিক পরিবহন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

পাহাড়ি গিরিখাতের উপর নির্মিত সেতুটি পানির পৃষ্ঠ থেকে ৬২৫ মিটার উঁচুতে দাঁড়িয়ে আছে। এর মূল স্প্যানের দৈর্ঘ্য ১,৪২০ মিটার, যা এটিকে বিশ্বের সবচেয়ে বড় স্প্যান–যুক্ত স্টিল ট্রাস সাসপেনশন ব্রিজে পরিণত করেছে।

প্রাদেশিক পরিবহন বিভাগের পরিচালক ঝাং ইয়িন জানিয়েছেন, সেতুটি নির্মাণে বিশেষ বায়ু–প্রতিরোধী নকশা ও উচ্চ–উচ্চতার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তার ভাষায়, “এখন যাত্রাপথে দুই ঘণ্টা সময় লাগে, সেতু চালু হলে সেটি কমে আসবে মাত্র দুই মিনিটে।” এতে শুধু যাতায়াতই সহজ হবে না, স্থানীয় অর্থনীতি ও সামাজিক উন্নয়নও গতিশীল হবে, বিশেষ করে গ্রামীণ এলাকায়।

সেতুর পাশেই তৈরি হয়েছে পর্যটন আকর্ষণ—বাঞ্জি জাম্পিং, টাওয়ার–টপ ক্যাফে ও একটি ভূতাত্ত্বিক সংস্কৃতি জাদুঘর। কর্তৃপক্ষের আশা, প্রতিবছর অন্তত ১০ লাখ পর্যটক এখানে আসবেন। ঝাং ইয়িন মনে করেন, এতে কৃষিপণ্যের বিক্রি বাড়বে, পাশাপাশি হোমস্টে, রেস্তোরাঁ ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।

 

Read more — আন্তর্জাতিক
Home