উত্তরা প্রতিদিন
ঢাকা

বাগমারায় নিবন্ধন ছাড়াই সার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক, বাগমারা ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ণ
বাগমারায় নিবন্ধন ছাড়াই সার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

রাজশাহীর বাগমারায় নিবন্ধন ছাড়াই সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার দোকান থেকে ১৬ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার তাহেরপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ৮(২) ধারা লঙ্ঘন করে নিবন্ধন ছাড়াই সার বিক্রির অভিযোগে সাইফুল ইসলাম (৪৩) নামের ওই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি তাহেরপুর পৌরসভার বিশুপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে। অভিযানে তার দোকান থেকে ১২ বস্তা ডিএপি, দুই বস্তা ইউরিয়া ও দুই বস্তা এমওপি সার জব্দ করা হয়। ইউরিয়ার প্রতিটি বস্তার ওজন ৫০ কেজি।

জব্দ করা সার সংশ্লিষ্ট অতিরিক্ত কৃষি কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়েছে। পরে সরকার নির্ধারিত মূল্যে এসব সার স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা ও সার বিক্রিতে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চালানো হচ্ছে। নিবন্ধন ছাড়া সার বিক্রি এবং সার ব্যবস্থাপনায় অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Read more — উত্তরাঞ্চল
Home