বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

রাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি বাঘা থানার সেরাজুল হক

উত্তরা প্রতিদিন বাঘা প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
রাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি বাঘা থানার সেরাজুল হক
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা
রাজশাহী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন বাঘা থানার ওসি মো. সেরাজুল হক। অক্টোবর ২০২৬ মাসের সার্বিক কর্মমূল্যায়নে আইনশৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজশাহী জেলা পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. মামুন অর রশিদ তাঁর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন থানার ওসি এবং পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রায় ১১ মাস ধরে বাঘা থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন সেরাজুল হক। দায়িত্ব পালনকালে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর এবং চুরি হওয়া স্বর্ণালংকার ও অটোরিকশাসহ বিভিন্ন মালামাল উদ্ধারে ভূমিকা রাখেন তিনি। এসব কার্যক্রমের মূল্যায়নে তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়।

সম্মাননা অর্জনের প্রতিক্রিয়ায় ওসি মো. সেরাজুল হক বলেন, “রাজশাহী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে আমাকে সম্মানিত করায় পুলিশ সুপার মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এ অর্জন আমার একার নয়, চারঘাট সার্কেলের স্যারসহ বাঘা থানা পুলিশের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও সবার সহযোগিতা নিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে চাই।”

মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার জেলার প্রতিটি ইউনিটের সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি মাদক উদ্ধার, অনলাইন প্রতারণা প্রতিরোধ, সাজাপ্রাপ্ত আসামি ও বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং ক্লুলেস মামলার রহস্য উদ্‌ঘাটনে গুরুত্বারোপ করেন।

এ ছাড়া কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে রাতের টহল জোরদার এবং টহল টিমগুলোকে আরও সক্রিয় থাকার নির্দেশ দেন তিনি। সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা শুনে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন পুলিশ সুপার। শীত মৌসুমে দায়িত্ব পালনের সময় প্রয়োজনীয় শীতবস্ত্র সঙ্গে রাখার নির্দেশনাও দেন তিনি।

বাঘা থানার ওসি সেরাজুল হকের এ অর্জনে স্থানীয় সচেতন মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।