‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ হিসেবে পরিচিত রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম থেকে অভিজ্ঞতা নিতে এসেছেন তিন সিটি কর্পোরেশন ও এক পৌরসভার প্রশাসক, কর্মকর্তা ও কমিউনিটি প্রতিনিধিরা। তাদের অংশগ্রহণে রাজশাহীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী অভিজ্ঞতা বিনিময় কর্মশালা।
আজ মঙ্গলবার সকালে রাজশাহী নগর ভবনের সিটি হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) আওতায় এ কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
রাজশাহী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কক্সবাজার পৌরসভার প্রতিনিধিদের অংশগ্রহণে ‘অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক শিক্ষা, মূল্যায়ন ও পরিকল্পনা’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, জাইকা বাংলাদেশ অফিসের প্রতিনিধি সাওরি কোজিমা এবং ইউডিসিজিপির টিম লিডার রেমন্ড গার্সিয়া গো। স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক এএসএম রাশেদুর রহমান। রাজশাহীর কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তথ্য উপস্থাপন করেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। সবার আন্তরিকতা, সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা থাকলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নেওয়া সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী নগরকে সুন্দরভাবে সাজাতে কাজ করছে সিটি কর্পোরেশন। রাজশাহীকে পরিচ্ছন্ন, আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, পরিচ্ছন্ন নগর গড়ে তোলার দায়িত্ব শুধু সিটি কর্পোরেশনের নয়; এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা, পরিচ্ছন্নতাকর্মীদের আন্তরিকতা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি। জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়ণের সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জও বাড়ছে। এ জন্য বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পরিবেশসম্মত অপসারণের ওপর গুরুত্ব দিতে হবে।
রাসিক প্রশাসক আরও বলেন, রাজশাহী নগরীতে আড়াই লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে। নগরীকে নতুনভাবে সাজাতে মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নগর ভবনসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। তিন সিটি কর্পোরেশন ও একটি পৌরসভার প্রতিনিধিদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের এ আয়োজন সবার জন্য উপকারী হবে বলে আশা করি।
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বলেন, রাজশাহীর পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রম সরেজমিনে দেখে অভিজ্ঞতা অর্জন এবং নিজ নিজ এলাকায় তা কাজে লাগানোই এ কর্মশালার মূল উদ্দেশ্য। এক সিটি কর্পোরেশনের অর্জন ও অভিজ্ঞতা অন্য প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় হতে পারে। প্রধানমন্ত্রী দায়িত্ব দেওয়ার পর কোরবানির বর্জ্য আট ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশনা দিয়েছিলেন। সে অনুযায়ী দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ করা হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, জাইকার সহযোগিতায় এ ধরনের অভিজ্ঞতা বিনিময় কর্মসূচিতে অংশ নিতে পেরে আমরা আনন্দিত। নগরবাসী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় রাজশাহীকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ প্রশংসনীয়। রাজশাহীর অভিজ্ঞতা কাজে লাগিয়ে নারায়ণগঞ্জের উন্নয়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রম এগিয়ে নিতে চাই।
কর্মশালায় গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কক্সবাজার পৌরসভার কর্মকর্তা ও কমিউনিটি প্রতিনিধিদের পাশাপাশি এলজিইডি, জাইকা ও ইউডিসিজিপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০টায় নগর ভবনে পৌঁছালে কর্মশালায় অংশগ্রহণকারী অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও বর্ণিল আয়োজনে বরণ করে নেওয়া হয়।
আগামী ২৬ নভেম্বর তিন দিনব্যাপী এ কর্মশালা শেষ হবে। কর্মশালার অংশ হিসেবে প্রতিনিধিরা রাজশাহী নগরীর বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন, চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনা এবং রাতে সড়ক পরিষ্কারের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন।


