বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

রাজশাহীতে ৪১টি নকল সোনার বার উদ্ধার, গ্রেফতার দুই প্রতারক

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ণ
রাজশাহীতে ৪১টি নকল সোনার বার উদ্ধার, গ্রেফতার দুই প্রতারক
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা
রাজশাহী মহানগরীতে সোনার বার হিসেবে বিক্রির উদ্দেশ্যে বহন করা ৪১টি নকল বার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা বারগুলো সোনালি রঙের প্রলেপযুক্ত হলেও পরীক্ষা করে ভেতরে লোহা পাওয়া গেছে।

বুধবার (২৫ নভেম্বর) রাত ৯টার দিকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কর্ণহার থানা পুলিশের চেকপোস্টে এ ঘটনা ঘটে। কৈকুড়ি মোড়সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশে চেকপোস্ট পরিচালনার সময় গোদাগাড়ীর ভাগাইল এলাকা থেকে আসা একটি চার্জার অটোরিকশা থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। অটোরিকশাটিতে থাকা তিন যাত্রীর মধ্যে একজন পালিয়ে যান। অন্য দুজনকে আটক করা হয়।

পুলিশের তল্লাশিতে আটক একজনের কাঁধে থাকা স্কুলব্যাগ থেকে খবরের কাগজ ও কসটেপে মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটের ভেতরে কাগজের বাক্সে রাখা ছিল সোনালি রঙের প্রলেপযুক্ত ৪১টি বারসদৃশ বস্তু।

পরে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীনের উপস্থিতিতে স্থানীয় স্বর্ণকারের মাধ্যমে বস্তুগুলো পরীক্ষা করা হয়। পরীক্ষার সময় সোনালি প্রলেপ সরিয়ে ভেতরে লোহার বার পাওয়া যায়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, মাদারীপুরের শিবচর থানার মাগুরখন্ড ফকিরকান্দি এলাকার নূরুল ইসলাম ফকিরের ছেলে মনিরুজ্জামান ফকির ওরফে মনির ফকির (৩৪) এবং মৌলভীবাজারের জুড়ি থানার দক্ষিণ সাগরনাল এলাকার আব্দুল আলীর ছেলে জাহিদ হোসেন (২৮)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা পুলিশকে জানান, পলাতক আরও একজনের সহযোগিতায় দীর্ঘদিন ধরে লোহার বারের ওপর সোনালি রঙের প্রলেপ লাগিয়ে সেগুলো সোনার বারের আদলে তৈরি করতেন। পরে প্রকৃত সোনা হিসেবে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন স্থানে এসব বার নিয়ে যেতেন। জাহিদ হোসেন দাবি করেন, মনিরুজ্জামান তাকে ঢাকা থেকে রাজশাহীতে নিয়ে আসেন।

পুলিশের উদ্ধার করা বারসদৃশ বস্তুগুলোর মোট ওজন ৪ হাজার ২৯ দশমিক ৭৪ গ্রাম। এ ছাড়া ঘটনাস্থল থেকে দুটি মোবাইল ফোন, একটি স্টিলের চাকু, একটি স্কুলব্যাগ, নগদ ৩ হাজার ১৭৪ টাকা ও একটি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতার দুজন ও পলাতক অজ্ঞাতনামা আরও একজনের বিরুদ্ধে প্রতারণার উদ্দেশ্যে জাল বস্তু প্রস্তুত ও বহনের অভিযোগে কর্ণহার থানায় মামলা করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।