বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

পুঠিয়ার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী, ক্লাশে পেলেন মাত্র একজন শিক্ষার্থী

উত্তরা প্রতিদিন পুঠিয়া প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ
পুঠিয়ার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী, ক্লাশে পেলেন মাত্র একজন শিক্ষার্থী
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা
রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজে আকস্মিক পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে মাত্র একজন ছাত্রীকে পেয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ বৃহস্পতিবার সকালে পরিদর্শনে গিয়ে অন্য শ্রেণিকক্ষগুলোতেও শিক্ষার্থীর উপস্থিতি ছিল হাতেগোনা। শিক্ষার্থীদের উপস্থিতির এমন করুণ চিত্র দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। 

জানা যায়, নাটোরের নবাব সিরাজ-উদ্‌-দৌলা সরকারি কলেজে (এনএস) একটি অনুষ্ঠানে যোগ দিতে গতকাল সকালে আকাশপথে রাজশাহী আসেন শিক্ষামন্ত্রী। বিমানবন্দর থেকে সড়কপথে নাটোর যাওয়ার পথে মহাসড়কের পাশে অবস্থিত বিড়ালদহ কলেজে হঠাৎ পরিদর্শনে নামেন তিনি। বেলা ১১টা ২০ মিনিটের দিকে কলেজে প্রবেশ করে প্রায় ২০ মিনিট অবস্থান করেন। এ সময় নিচতলা থেকে চারতলা পর্যন্ত বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন মন্ত্রী।

পরিদর্শনকালে একটি শ্রেণিকক্ষে মাত্র একজন ছাত্রীকে দেখে এক নারী শিক্ষকের কাছে জানতে চান, ‘স্টুডেন্ট কোথায়? আমার ছাত্র কই?’ ওই শিক্ষক জানান, তার শ্রেণিতে মোট ১৫ জন শিক্ষার্থী থাকলেও উপস্থিত হয়েছে মাত্র একজন। অন্য শিক্ষার্থীরা কেন ক্লাসে আসে না, জানতে চাইলে সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি তিনি। এ সময় আরেক শিক্ষক দাবি করেন, অন্য শিক্ষার্থীরা তখনো শ্রেণিকক্ষে প্রবেশ করেনি।

ক্লাস শুরুর সময় জানতে চেয়েও শিক্ষকদের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা পাননি মন্ত্রী। এক শিক্ষক জানান, বেলা সাড়ে ১১টায় ক্লাস রয়েছে। শিক্ষকেরা শ্রেণিকক্ষে প্রবেশ করলেও শিক্ষার্থীরা বাইরে থাকতে পারে। শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ক্লাসে আসার প্রতি তাদের অনীহা রয়েছে। অনেক সময় ফোন করে শিক্ষার্থীদের ক্লাসে আনতে হয়। শিক্ষকদের এমন বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।

কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, প্রতিষ্ঠানটিতে উচ্চমাধ্যমিক পর্যায়ে পাঠদান করা হয়। একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ৬৯ জন এবং দ্বাদশ শ্রেণিতে ১৬৮ জন। গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের একটি ক্লাসে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থীর মধ্যে একজন উপস্থিত ছিল। তবে সব মিলিয়ে কলেজে ৬০ থেকে ৬৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিল বলে দাবি করেন তিনি।

অধ্যক্ষ বলেন, মহাসড়কের পাশ দিয়ে যাওয়ার সময় মন্ত্রী হঠাৎ কলেজে প্রবেশ করেন। তিনি নিজেই একতলা থেকে চারতলা পর্যন্ত প্রতিটি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন। শিক্ষার্থীদের ক্লাসে আনতে নানা চেষ্টা করেও সফল হচ্ছেন না বলে মন্ত্রীকে জানানো হয়েছে। পরিদর্শনকালে শিক্ষার্থীদের কম উপস্থিতির বিষয়টি নজরদারিতে রাখতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রাজশাহী অঞ্চলের পরিচালক হুমায়ুন কবীরকে তাৎক্ষণিক নির্দেশনা দেন মন্ত্রী।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা, রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক (কলেজ) মোহা. সাদিকুল ইসলাম বলেন, রাজশাহী থেকে নাটোর যাওয়ার পথে মন্ত্রী বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শন করেন। সেখানে একটি শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থীকে উপস্থিত পান। শিক্ষার্থী সংকট শুধু ওই কলেজে নয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেই রয়েছে। যেসব বিষয়ে পর্যাপ্ত শিক্ষার্থী নেই, সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। এ-সংক্রান্ত সমস্যাগুলো বিভাগীয় সমন্বয় কমিটির সভায় তুলে ধরে বিভাগীয় কমিশনারের মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রীকেও বিষয়গুলো অবহিত করা হয়েছে।

শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল পাঠদান কার্যক্রম বজায় রাখা এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করার আহ্বান জানান তিনি।

এ সময় মন্ত্রীর সঙ্গে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।