ভারতের একজন মন্ত্রী আগামী ১৬ ডিসেম্বর ঢাকা দখলের কথা বলেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন, বাংলাদেশের জনগণ কি আমলকী চুষতে থাকবে? আমাদের সার্বভৌমত্বের এক ইঞ্চি মাটিতেও এখান থেকে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। কোনো শক্তি এখানে নিতে পারবে না।
বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের নেতাদের যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, ‘পার্শ্ববর্তী দেশ থেকে মন্ত্রী পর্যায়ের একজন ব্যক্তি ঢাকা দখলের কথা বলছেন। এটা কোনো নিচের পর্যায়ের কর্মী বললে আমার কথা ছিল না। একজন মন্ত্রী, পরিবহনমন্ত্রী এ কথা বলছেন। আমি এর ধিক্কার জানাই।’
রিজভী বলেন, ‘আমরা সেই জাতি, ৩০ লাখ মানুষ অকাতরে জীবন দিয়েছেন, দুই লাখ মা-বোন নির্যাতনের শিকার হয়েছেন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা স্বাধীন পতাকা ও ভূখণ্ড পেয়েছি। আর সেখানে ভারতের একজন মন্ত্রী বললেন, ১৬ ডিসেম্বর তিনি ঢাকা দখল করবেন। আমাদের দেশের জনগণ কি আমলকী চুষতে থাকবে? আমাদের সার্বভৌমত্বের এক ইঞ্চি মাটিতেও এখান থেকে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। কোনো শক্তি এখানে নিতে পারবে না।’
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, ছাত্র-জনতার তাড়া খেয়ে পার্শ্ববর্তী দেশে অবস্থানরত সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী চলমান রাজনীতিতে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন। তার রক্তের নেশা এখনো কাটেনি। বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে এর প্রমাণ দেখা যাচ্ছে বলে দাবি করেন তিনি।
রিজভী বলেন, সেখান থেকে নির্দেশ পেয়ে দেশে থাকা আওয়ামী লীগের অবশিষ্ট অংশ বাড়িঘর, দোকানপাট, ব্যাংক-বিমা পোড়াচ্ছে, হাসপাতালে হামলা করছে এবং বিএনপির নেতাকর্মীদের হত্যা করছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে এরই মধ্যে বিএনপির তিনজন নিহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।
এ পরিস্থিতিতেও প্রধানমন্ত্রী তারেক রহমান গণতান্ত্রিক রীতিনীতি মেনে দেশ পরিচালনা করছেন বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, ১৭ বছর ধরে গুম-খুনের রাষ্ট্রীয় চরিত্র থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক চেহারা দিয়েছেন তারেক রহমান। সেই অবস্থাকে কলঙ্কিত করার জন্য নানা চেষ্টা চলছে।
রিজভী আরও বলেন, ফ্যাসিবাদী শক্তি রক্তাক্ত পথ অবলম্বন করলেও সরকার পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত কিংবা নির্মম ব্যবহার করছে না। সরকার সহনশীল অবস্থান থেকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে এবং প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও আমানউল্লাহ আমান, চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী ও আব্দুস সালাম আজাদ, ছাত্রবিষয়ক সম্পাদক রাকিবুল আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মিল্টন ও সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
উত্তরা / এ এম


