বাংলাদেশের বিপক্ষে আসন্ন সাদা বলের লড়াইয়ের আগে পেস আক্রমণ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে দক্ষিণ আফ্রিকা। ইনজুরির কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে পাওয়া যাচ্ছে না দুই পেসার জেরাল্ড কুটসিয়া ও কিউনা মাফাকাকে। তাদের অনুপস্থিতিতে স্কোয়াডে একাধিক পরিবর্তন আনতে হয়েছে প্রোটিয়াদের।
নর্থ ওয়েস্ট ড্রাগনসের বিপক্ষে লায়ন্সের হয়ে প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নেমে অ্যাডাক্টর পেশিতে চোট পান কুটসিয়া। ফলে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি— দুই সংস্করণের সিরিজ থেকেই ছিটকে গেছেন এই পেসার।
মাফাকার অবস্থাও খুব একটা ভালো নয়। ডান হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফেরার প্রক্রিয়ায় থাকা এই তরুণ পেসার অনুশীলনের সময় আবারও চোটে পড়েছেন। এতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না তার। একই সঙ্গে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের ওয়ানডে সিরিজেও থাকতে পারবেন না তিনি।
দুই পেসারের অনুপস্থিতিতে নতুনদের সুযোগ দিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন তিয়ান ফন ভুরেন। টি-টোয়েন্টি স্কোয়াডে যোগ হয়েছেন ইথান বশ ও আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেকের অপেক্ষায় থাকা পেসার জেজে বাসন।
উত্তরা / এ এম


