বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

এইচএসসির পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস সাড়ে ৫ হাজার, জিপিএ-৫ পেল ১৬০০

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক
২৩ নভেম্বর ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ
এইচএসসির পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস সাড়ে ৫ হাজার, জিপিএ-৫ পেল ১৬০০
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় নতুন জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬০০ জন পরীক্ষার্থী। এর মধ্যে প্রথম ফলাফলে ফেল করেছিল—এমন ২০ জন পরীক্ষার্থীও আছে। এ ছাড়া ফেল করা থেকে এবার পাস করেছে ৫ হাজার ৫৪৮ জন পরীক্ষার্থী।

আজ সোমবার বিকেলে শিক্ষা বোর্ডগুলো পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশ করে।

এবারই প্রথম এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়নের ব্যবস্থা চালু করা হয়েছে। ফলে শুধু নম্বর গণনা বা যোগ-বিয়োগের ভুল সংশোধন নয়, উত্তরপত্রের মূল্যায়ন নিয়েও নতুন করে পর্যালোচনার সুযোগ পেয়েছে শিক্ষার্থীরা।

গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয় ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পায় ৪০ হাজার ৮৪ জন।

আন্তশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার নয়টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য জমা পড়ে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের তথ্য অনুযায়ী, এবার নতুন করে জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ৪৬৪ জন, কুমিল্লায় ১২০, রাজশাহীতে ৫৬, যশোরে ১৬২, চট্টগ্রামে ১০১, বরিশালে ২১, সিলেটে ৭৭, দিনাজপুরে ১৩৪ ও ময়মনসিংহ বোর্ডে ২৭৪ জন। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১৭১ জন ও কারিগরি শিক্ষা বোর্ডে ২০ জন পরীক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছে।

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় গ্রেড পরিবর্তন হয়েছে ২৫ হাজার ৮১০ জন পরীক্ষার্থীর। আর নম্বর পরিবর্তন হয়েছে ২৩ হাজার ১৪৫ জনের।

বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়। দ্বিতীয় অবস্থানে থাকা চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আবেদন জমা পড়ে ১ লাখ ১৭ হাজার ৭০০টি।

এ ছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১টি, যশোর বোর্ডে ৯৭ হাজার ৬১৮, কুমিল্লা বোর্ডে ৯২ হাজার ৭৭৬, দিনাজপুর বোর্ডে ৮৯ হাজার ৪২০, ময়মনসিংহ বোর্ডে ৭১ হাজার ৭৬২, বরিশাল বোর্ডে ৫৩ হাজার ৪০৯, সিলেট বোর্ডে ৫১ হাজার ২৪৩, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার ৮৩০ ও কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে।