বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

কেন বিয়ে করবেন, আর কেনই বা একা থাকবেন?

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক
১৬ নভেম্বর ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ
কেন বিয়ে করবেন, আর কেনই বা একা থাকবেন?
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা

জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি হলো বিয়ে। কেউ ভালোবাসা, সঙ্গ ও নিরাপত্তার আশায় বিয়ে করেন, আবার কেউ ব্যক্তিগত স্বাধীনতা ও নিজের মতো করে জীবন কাটানোর সুযোগকে বেশি গুরুত্ব দেন।

সমাজে একসময় পরিবার গঠন ও আর্থিক নিরাপত্তার জন্য বিয়েকে প্রায় অপরিহার্য মনে করা হতো। তবে সময়ের সঙ্গে বদলেছে মানুষের দৃষ্টিভঙ্গি। এখন অনেকেই বিয়ে ছাড়াও দীর্ঘমেয়াদি সম্পর্ক কিংবা একক জীবন বেছে নিচ্ছেন।


ব্যক্তির চাহিদা, মূল্যবোধ ও জীবনযাপনের ধরন অনুযায়ী সিদ্ধান্তটি ভিন্ন হতে পারে। মনোবিষয়ক সাময়িকী সাইকোলজি টুডেতে প্রকাশিত এক নিবন্ধে বিয়ে করার পক্ষে পাঁচটি এবং বিয়ে না করার পক্ষে পাঁচটি কারণ তুলে ধরা হয়েছে।

১. ভালোবাসা ও একসঙ্গে জীবন কাটানোর আকাঙ্ক্ষা

অনেকের কাছে বিয়ের প্রধান কারণ ভালোবাসা। পছন্দের মানুষের সঙ্গে দীর্ঘ জীবন কাটানো, জীবনের আনন্দ-বেদনা ভাগ করে নেওয়া এবং একসঙ্গে ভবিষ্যৎ গড়ে তোলার ইচ্ছা থেকেই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন।


২. সঙ্গ ও মানসিক নিরাপত্তা

বিয়ের মাধ্যমে দুজন মানুষ একে অপরের সহযোগী হয়ে উঠতে পারেন। জীবনের কঠিন সময়ে পাশে থাকা, মানসিক সমর্থন দেওয়া এবং দায়িত্ব ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি হয়। পাশাপাশি সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা ও আপনজনের সঙ্গে থাকার অনুভূতিও পাওয়া যেতে পারে।

৩. সন্তান ও পরিবার গঠন

অনেকেই সন্তান নেওয়া এবং পরিবার গড়ে তোলার ইচ্ছা থেকে বিয়ে করেন। তাঁদের কাছে বিয়ে সন্তান লালন-পালনের জন্য একটি স্থিতিশীল পারিবারিক পরিবেশ তৈরির উপায়।

৪. সামাজিক ও পারিবারিক স্বীকৃতি

অনেক সমাজ ও সংস্কৃতিতে বিয়েকে প্রাপ্তবয়স্ক জীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপ হিসেবে দেখা হয়। পরিবার ও সমাজের স্বীকৃতি পাওয়ার আকাঙ্ক্ষা থেকেও কেউ কেউ বিয়ের সিদ্ধান্ত নেন।

৫. ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাস

অনেকের কাছে বিয়ে ধর্মীয় বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ। ধর্মীয় দায়িত্ব পালন এবং আধ্যাত্মিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে জীবন গড়তেও তারা বিয়ে করেন।


১. ব্যক্তিগত স্বাধীনতা বজায় রাখা

বিয়েতে সময়, শ্রম ও দায়িত্ব ভাগ করে নিতে হয়। অনেক ক্ষেত্রে নিজের সিদ্ধান্ত নেওয়া এবং জীবনযাপনের ধরনে কিছু সমন্বয়ও করতে হয়। যাঁরা ব্যক্তিগত স্বাধীনতা ও নিজের মতো করে জীবন পরিচালনাকে বেশি গুরুত্ব দেন, তাঁদের কাছে একা থাকা বেশি স্বস্তিদায়ক হতে পারে।

২. পছন্দ ও মানসিকতার অমিল

দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য দুজনের মূল্যবোধ, জীবনলক্ষ্য ও আগ্রহের মধ্যে সামঞ্জস্য থাকা গুরুত্বপূর্ণ। এসব বিষয়ে বড় ধরনের পার্থক্য থাকলে সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হতে পারে। তাই শুধু সামাজিক প্রত্যাশার কারণে বিয়ে না করে নিজের সঙ্গে মানানসই সঙ্গীর অপেক্ষা করা বা একা থাকার সিদ্ধান্ত নিতে পারেন কেউ কেউ।

৩. সম্পর্কের বিদ্যমান সমস্যা

সম্পর্কে আগে থেকেই যোগাযোগের ঘাটতি, অবিশ্বাস কিংবা বোঝাপড়ার অভাব থাকলে বিয়ে করলেই সমস্যাগুলো মিটে যায় না। বরং কিছু ক্ষেত্রে দায়িত্ব ও প্রত্যাশা বাড়ার কারণে জটিলতা আরও বাড়তে পারে। তাই সম্পর্কের সমস্যা সমাধান না করে বিয়ের সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়।

৪. সামাজিক চাপ থেকে মুক্ত থাকা

পরিবার, আত্মীয়স্বজন ও সমাজের কাছ থেকে বিয়ের জন্য অনেকেই চাপ অনুভব করেন। কিন্তু নিজের ইচ্ছা বা মানসিক প্রস্তুতি না থাকলে শুধু অন্যদের প্রত্যাশা পূরণ করতে বিয়ে করা উচিত নয়। এমন পরিস্থিতিতে নিজের সিদ্ধান্তে অবিচল থেকে একা থাকাও একটি গ্রহণযোগ্য পছন্দ।

৫. আর্থিক বিবেচনা

বিয়ের অনুষ্ঠান, নতুন সংসার গঠন এবং ভবিষ্যৎ পারিবারিক দায়িত্বের সঙ্গে বাড়তি খরচ যুক্ত হতে পারে। যাঁরা আর্থিক স্বাধীনতা বজায় রাখতে চান কিংবা বর্তমান জীবনযাপন নিয়ে সন্তুষ্ট, তাঁদের কাছে বিয়ে না করার সিদ্ধান্তও যুক্তিসংগত মনে হতে পারে।

সিদ্ধান্ত নিজের, সম্মানও সবার প্রাপ্য

বিয়ে করা কিংবা একা থাকা—কোনোটিই সবার জন্য সমানভাবে উপযুক্ত নয়। সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের চাহিদা, ইচ্ছা, মূল্যবোধ ও আর্থিক পরিস্থিতি বিবেচনা করা জরুরি। শুধু সামাজিক চাপের কারণে বিয়ে করা যেমন ঠিক নয়, তেমনি কেউ বিয়ে করেছেন বলে তাঁর সিদ্ধান্তকে ছোট করে দেখারও সুযোগ নেই।

উল্লেখ্য, জীবনের সুখ ও পরিপূর্ণতা কেবল বৈবাহিক অবস্থার ওপর নির্ভর করে না। বরং নিজের পছন্দের জীবন বেছে নেওয়া এবং অন্যের সিদ্ধান্তকে সম্মান করাই গুরুত্বপূর্ণ।



উত্তরা / এ এম