বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

দিনভর জাতীয় বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, অবরুদ্ধ ভিসি

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক
১৬ নভেম্বর ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ
দিনভর জাতীয় বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, অবরুদ্ধ ভিসি
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উচ্চ আদালতের নির্দেশে চাকরি ফিরে পাওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীদের জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বিদ্যমান পে-স্কেলে বকেয়া বেতন-ভাতার দাবিতে সোমবার দিনভর ভিসিকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়।

এদিন আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তা-কর্মচারীরাও পাল্টা কর্মসূচি দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিকেল ৩টার দিকে বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে পুরো ক্যাম্পাস লকডাউন ঘোষণা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা ও অচলাবস্থা সৃষ্টি হয়।

আজ সোমবার সকাল থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি চলে। আন্দোলনকারীরা উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেন।

অন্যদিকে পাল্টা কর্মসূচি ঘিরে ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে আন্দোলনকারীরা প্রধান ফটক বন্ধ করে লকডাউন ঘোষণা করলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়।

সন্ধ্যা পৌনে ৬টায় এ প্রতিবেদন পাঠানো পর্যন্ত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ তার দপ্তরে অবরুদ্ধ অবস্থায় ছিলেন। আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক চলছিল। তবে বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন অপ্রয়োজনীয় খাতে কোটি কোটি টাকা ব্যয় করছে। তাদের দাবি, ২০টি প্রকল্পে প্রায় ২৫০ কোটি টাকা খরচ করা হচ্ছে, যার অধিকাংশই প্রয়োজনীয় নয়। সংস্কারের নামে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ও টেকসই ভবনের কাঠামো পরিবর্তন করে হেরিটেজ ধ্বংস করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
তাদের ভাষ্য, বিভিন্ন প্রকল্প ও খাতে বিপুল অর্থ ব্যয় করা হলেও দীর্ঘদিনের বঞ্চনার শিকার ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর ন্যায্য পাওনা পরিশোধে প্রশাসনের কার্যকর কোনো উদ্যোগ নেই।

অধিকার বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের দাবি আদায়ে গঠিত কমিটির আহ্বায়ক মো. নাজিম উদ্দীন শিশিমের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের তথ্য ও সেবা সরবরাহ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. মিয়া হোসেন রানা।

মো. আকরাম হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আফজাল হোসেন, অতিরিক্ত কলেজ পরিদর্শক মো. অহিদুজ্জামান নান্নু, ডেপুটি রেজিস্ট্রার হেলাল উদ্দিন, তৌফিক আজিজ চৌধুরী জিয়া, মো. খুরশিদ আলম ও মো. আমির হোসেন, সহকারী পরিচালক মো. সাহাবুদ্দিন প্রমুখ।


উত্তরা / এ এম