
রাজশাহীর বাঘা উপজেলার ঐতিহাসিক বাঘা শাহী মসজিদ সংলগ্ন হযরত শাহদৌলা (রহ.)-এর মাজার শরীফের সিন্দুক ভেঙে নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে কোনো একসময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মাজার শরীফের সিন্দুকের তালা ভেঙে এবং শিকল কেটে এ চুরি করে। এ ঘটনায় স্থানীয় মুসল্লি, দর্শনার্থী ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) ফজরের নামাজের পর মাজারের খাদেম ও স্থানীয় মুসল্লিরা সিন্দুকটি ভাঙা অবস্থায় দেখতে পান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার ভোর সাড়ে ৪টার মধ্যে কোনো একসময় এ ঘটনা ঘটে। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সর্বশেষ গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে মসজিদ ও মাজার কমিটির মাধ্যমে সিন্দুকটি খোলা হয়েছিল। সে সময় সিন্দুক থেকে দুই লাখ টাকার বেশি পাওয়া যায়। এরপর ২২ দিনে সিন্দুকে আনুমানিক আরও এক লাখ টাকার মতো জমা হতে পারে বলে স্থানীয়দের ধারণা। তবে চুরি হওয়া অর্থের প্রকৃত পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, ঐতিহাসিক বাঘা শাহী মসজিদ ও হযরত শাহদৌলা (রহ.)-এর মাজার শরীফ রাজশাহীর বাঘা উপজেলার অন্যতম প্রাচীন ধর্মীয় ও ঐতিহ্যবাহী স্থাপনা। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য দর্শনার্থী ও ধর্মপ্রাণ মানুষ এ স্থানে আসেন। এমন একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনায় চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
ওয়াকফ স্টেটের দায়িত্বপ্রাপ্ত মতোয়াল্লি (রইচ) আনোয়ারুল ইসলাম দিলির বলেন, “ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করেছি।”
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, “চুরির ঘটনাটি শুনেছি। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং মাজার শরীফের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
উত্তরা / এ এম

