
রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি। পতাকা উত্তোলন শেষে সমাবেশে বক্তব্যে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর দেখানো পথে বিএনপি দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
পরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির কর্মসূচির উদ্বোধন করা হয়।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল।
এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, থানা বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে, দিবসটি উপলক্ষে বিকেল ৪টায় নগরীর বাটার মোড়ে জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

