উত্তরা প্রতিদিন
ঢাকা

চিকিৎসকের বদলে অজ্ঞাত ব্যক্তির সিজার, নবজাতকের মৃত্যুর অভিযোগ

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ণ
চিকিৎসকের বদলে অজ্ঞাত ব্যক্তির সিজার, নবজাতকের মৃত্যুর অভিযোগ

নওগাঁর পোরশায় চিকিৎসকের পরিবর্তে অজ্ঞাত ব্যক্তিকে দিয়ে সিজারিয়ান অপারেশন করানো এবং চিকিৎসায় অবহেলার কারণে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ‘আল-মদিনা ল্যাব অ্যান্ড হাসপাতাল’-এর মালিক মো. আহসান হাবিবকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ জুলাই পোরশা উপজেলার বিষ্ণুপুর গ্রামের মো. আমিনের স্ত্রী খাদিজা খাতুন প্রসববেদনা নিয়ে নিরাপদ চিকিৎসার আশায় আল-মদিনা ল্যাব অ্যান্ড হাসপাতালে ভর্তি হন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মোসা. শারমিন আক্তার রোগীকে পরীক্ষা করে সিজারিয়ান অপারেশনের পরামর্শ দেন। চিকিৎসকের ওপর আস্থা রেখে পরিবারের সদস্যরা প্রয়োজনীয় খরচ পরিশোধ করেন।

অভিযোগ রয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ ভুক্তভোগী পরিবারকে না জানিয়ে নির্ধারিত চিকিৎসকের পরিবর্তে অজ্ঞাত এক ব্যক্তিকে দিয়ে প্রসূতির সিজারিয়ান অপারেশন করান।

 

এজাহার অনুযায়ী, অপারেশনের পর মা ও নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ প্রকৃত ঘটনা গোপন করে সময়ক্ষেপণ করে বলে অভিযোগ করেছে পরিবার। পরে নবজাতককে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা শিশুটির অবস্থা সংকটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরদিন ১১ জুলাই সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নবজাতকটির মৃত্যু হয়।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আদালতের দ্বারস্থ হলে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তের পর পোরশা থানা-পুলিশের একটি বিশেষ দল উপজেলার সরাইগাছী এলাকা থেকে মামলার এজাহারনামীয় আসামি ও হাসপাতালের মালিক মো. আহসান হাবিবকে গ্রেপ্তার করে।

পোরশা থানা-পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

 

উত্তরা/ এ এম 

Read more — সারাদেশ
Home