উত্তরা প্রতিদিন
ঢাকা

দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি দল আরেকটি দলের সঙ্গে মিলে ষড়যন্ত্র করছে : এমপি মিলন

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২৪ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ণ
দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি দল আরেকটি দলের সঙ্গে মিলে ষড়যন্ত্র করছে : এমপি মিলন

দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি দল (জামায়াত) আরেকটি দলের (আওয়ামী লীগ) সঙ্গে মিলে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি বলেন, বিগত সরকারের আমলে দেশের অবস্থা ভঙ্গুর হয়ে পড়েছিল। সেই অবস্থা থেকে উত্তরণে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আজ শনিবার সকাল ১০টায় রাজশাহী নগরের শালবাগান এলাকায় ওয়াসা ভবনের পাশে এইচ প্রপার্টিজের ‘বন্ধন’ ভবন নির্মাণের উদ্বোধন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি মিলন বলেন, রাজশাহীর মানুষ ঐতিহ্যগতভাবে অতিথিপরায়ণ। আগে মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সম্প্রীতি ছিল। বর্তমানে কিছুটা ভাটা পড়লেও সেই ঐতিহ্য এখনো অনেকাংশে বজায় রয়েছে। বন্ধন ভবন নির্মাণে কোনো সমস্যা হলে আশপাশের মানুষ সহযোগিতায় এগিয়ে আসবেন বলে আশা করছি।

রাজশাহীতে বর্তমানে অনেক সুউচ্চ ভবন নির্মিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ভবন নির্মাণের ক্ষেত্রে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) পরিকল্পনা ও অনুমোদিত নকশা অনুসরণ করতে হবে। নিয়ম মেনে ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘে ভাষণ দেওয়ার প্রসঙ্গ তুলে ধরে মিলন বলেন, তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন। এবার একই আন্তর্জাতিক মঞ্চে ভাষণ দিয়েছেন তারেক রহমান।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার পাশাপাশি রণাঙ্গনেও যুদ্ধ করেছেন। বেগম খালেদা জিয়াও জীবনের ঝুঁকি নিয়ে দেশে থেকেছেন এবং গণতন্ত্র রক্ষায় আপসহীন ভূমিকা পালন করেছেন। তিনি বলেন, খালেদা জিয়া শুধু বিএনপির সম্পদ নন, বিশ্ববাসীরও সম্পদ। তিনি ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে পরিচিত।

বক্তব্য শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি মাটি কেটে ‘বন্ধন’ ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন।

এ সময় এইচ প্রপার্টিজের স্বত্বাধিকারী হাফিজুল হক হ্যাপি, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান আরিফ ও শ্যামল শেখ, সদস্য শাকিলুর রহমান রন ও মোফাজ্জল হোসেন শুভ, শাহ মখদুম থানা বিএনপির সদস্য সামির হাসান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য নয়নসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, এইচ প্রপার্টিজের সদস্য এবং ফ্ল্যাটের মালিকেরা উপস্থিত ছিলেন।

Read more — রাজনীতি
Home