
মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাফিদ শাহরিয়ার মারা গেছেন। আজ রোববার বেলা ১১টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর রাতে রাজশাহী নগরের বিনোদপুর বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন রাফিদ। দুর্ঘটনায় তার মাথায় তীব্র আঘাত লাগে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য তাকে দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। এরপর রুয়েট প্রশাসনের উদ্যোগে আড়াই লাখ টাকা সংগ্রহ করে এয়ার অ্যাম্বুলেন্সে রাফিদকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর সকালে রুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার ও সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী সাইফ রামেক হাসপাতালে গিয়ে রাফিদের চিকিৎসার খোঁজ নেন। তারা হাসপাতালের পরিচালক ও চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন।
হাসপাতাল কর্তৃপক্ষ রুয়েট প্রশাসনকে জানায়, মাথায় তীব্র আঘাতের কারণে রাফিদের মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় অস্ত্রোপচারের জন্য তাঁকে দ্রুত ঢাকায় নেওয়া প্রয়োজন। পরে রুয়েট প্রশাসন এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তাকে ঢাকায় পাঠায়।
রাফিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। এক শোকবার্তায় তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে রুয়েট পরিবার শোকাহত। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

