বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী

১৪ নভেম্বর ২০২৬, ৪:০১ অপরাহ্ণ
শেয়ার
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী

উৎসবমুখর পরিবেশে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে ২০১২ সাল থেকে স্প্রিং-২০২৬ পর্যন্ত বিভিন্ন ব্যাচের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন।


এর আগে ১২ নভেম্বর সন্ধ্যায় খিচুড়ি আড্ডা ও কিট বিতরণের মধ্য দিয়ে শুরু হয় আয়োজনের আনুষ্ঠানিকতা। পরদিন ফিতা কাটা ও কবুতর উড়িয়ে পুনর্মিলনীর উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ, ইংরেজি বিভাগের প্রধান ও স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক মো. শহীদুর রহমান, রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) মুহাম্মদ খালেদ বিন ইউসুফসহ শিক্ষক, কর্মকর্তা ও প্রাক্তন শিক্ষার্থীরা।


অধ্যাপক মো. শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. খাদেমুল ইসলাম মোল্যার উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণে তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। এতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ, নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. কানিজ হাবিবা আফরিন এবং রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) মুহাম্মদ খালেদ বিন ইউসুফ।


বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টের চেয়ারম্যান হাফিজুর রহমান খানের প্রতিও কৃতজ্ঞতা জানান ইংরেজি বিভাগের প্রধান। বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ও উচ্চশিক্ষার প্রসারে তাঁর সহযোগিতা ও অবদানের কথা তুলে ধরে ধন্যবাদ জানান তিনি। পরে চেয়ারম্যানের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন নির্বাহী পরিচালক।


অনুষ্ঠানে বিভাগের প্রথম ব্যাচের প্রথম শিক্ষার্থী ইসমত আরা মিস্টিসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা শিক্ষাজীবনের স্মৃতিচারণা করেন। পাশাপাশি উপস্থাপন করা হয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের খসড়া গঠনতন্ত্র। অধ্যাপক মো. শহীদুর রহমানের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় আনুষ্ঠানিক পর্ব।


মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতির পর শুরু হয় প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণা। পরে আমবাগানসংলগ্ন মাঠে ব্যান্ড দল ‘অড সিগনেচার’-এর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। গান, আড্ডা আর স্মৃতিচারণায় দিনটি পরিণত হয় প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায়।