উত্তরা প্রতিদিন
ঢাকা

সুপারিশ পেয়েও নিয়োগপত্র নয়, প্রাথমিকের চাকরিপ্রার্থীদের অবস্থান

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ
সুপারিশ পেয়েও নিয়োগপত্র নয়, প্রাথমিকের চাকরিপ্রার্থীদের অবস্থান

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা দ্রুত নিয়োগপত্র দেওয়ার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন। পরে বেলা ১১টার দিকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে গিয়ে শান্তিপূর্ণ অবস্থান নেন।

 

আন্দোলনকারীদের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর চূড়ান্ত ফলে নির্বাচিত হওয়ার পরও বিভিন্ন জেলার শত শত প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি। ফলে তাদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে।

‘চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষক-২০২৫’ প্ল্যাটফর্মের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর ভেরিফিকেশন-সংক্রান্ত সর্বশেষ তথ্যে প্রায় ১ হাজার ৫০০ প্রার্থীর নিয়োগপত্র ইস্যু হয়নি।

 

এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ‘কেন্দ্রীয় প্যানেল প্রাইমারি ২০২৫’ এক সংবাদ বিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের বিষয়ে পাঁচ দফা দাবি জানায়। তাদের দাবির মধ্যে রয়েছে—নিয়োগ থেকে বাদ পড়ার সুস্পষ্ট কারণ জনসম্মুখে প্রকাশ এবং যোগ্য প্রার্থীদের দ্রুত নিয়োগপত্র প্রদান।

 

প্রার্থীরা বলছেন, চূড়ান্ত ফল প্রকাশের পর তারা নিয়োগপত্র পাওয়ার অপেক্ষায় ছিলেন। গত ২৪ সেপ্টেম্বর থেকে বিভিন্ন জেলায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া শুরু হলেও অনেক প্রার্থী তা পাননি।

প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় একযোগে অনুষ্ঠিত হয়। পার্বত্য তিন জেলা বাদে অনুষ্ঠিত এ পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।

 

পরে ৮ ফেব্রুয়ারি সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

চূড়ান্ত ফল প্রকাশের পর নির্বাচিত প্রার্থীরা নিয়োগপত্রের অপেক্ষায় ছিলেন। বিভিন্ন জেলায় নিয়োগপত্র বিতরণ শুরু হলেও যারা এখনো নিয়োগপত্র পাননি, তারা দ্রুত বিষয়টির সমাধান ও নিয়োগপত্র দেওয়ার দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন।

উত্তরা/এএইচ

 

Read more — শিক্ষা
Home