
রাজশাহীর বিনোদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী রাফিদ শাহরিয়ারকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে। চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশে রাজশাহী ছাড়ে।
রুয়েট সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে বিনোদপুর বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন রাফিদ। প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল হঠাৎ ইউ-টার্ন নেওয়ার সময় সেটিকে পাশ কাটাতে গিয়ে রাফিদ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সড়কের ডিভাইডারে মাথায় আঘাত পান।
দুর্ঘটনার পর তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্র জানায়, মাথায় তীব্র আঘাতের কারণে তার মস্তিষ্কে রক্ত জমেছে। তার অবস্থা সংকটাপন্ন। রাজশাহীতে প্রয়োজনীয় অস্ত্রোপচার সম্ভব না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।
এর আগে বৃহস্পতিবার সকালে রুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের একটি প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে তার চিকিৎসার বিষয়ে খোঁজ নেয়। চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। এ জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আড়াই লাখ টাকা দিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বুকিং দেওয়া হয়।
রাফিদ শাহরিয়ার রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
রুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য রাফিদকে ঢাকায় পাঠানো হয়েছে। তার চিকিৎসায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি রাফিদের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
এদিকে রাফিদের চিকিৎসায় সহায়তার জন্য রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তর ও শিক্ষার্থীদের উদ্যোগে তহবিল সংগ্রহ চলছে। ইতোমধ্যে দুই লাখ টাকার বেশি ক্রাউডফান্ডিং সংগ্রহ হয়েছে। পরবর্তী চিকিৎসায় আরও ১৮ থেকে ২০ লাখ টাকা প্রয়োজন হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

