
আন্তর্জাতিক সম্মেলনে অনুসন্ধান ও উদ্ধারকাজে আধুনিক রোবোটিক্স নিয়ে গবেষণার জন্য বেস্ট পেপার অ্যাওয়ার্ড পেয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। ইউরোপ, আমেরিকা ও এশিয়ার ১৪টি দেশের গবেষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত সম্মেলনে রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক অলোক কুমার পাল ও ২০ ব্যাচের শিক্ষার্থী মো. আবু তালহা রনি যৌথভাবে এ পুরস্কার অর্জন করেন।
তাদের গবেষণাপত্রের বিষয় ছিল ‘অটোনোমাস এরিয়াল অ্যান্ড ফিল্ড রোবোটিক্স ফর সার্চ অ্যান্ড রেসকিউ’। অনুসন্ধান ও উদ্ধারকাজে স্বয়ংক্রিয় আকাশযান ও ফিল্ড রোবোটিক্স ব্যবহারের সম্ভাবনা ও কার্যকারিতা নিয়ে গবেষণাটি করা হয়েছে।
গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দুই দিনব্যাপী ‘RAAICON 2026’—5th IEEE International Conference on Robotics, Automation, Artificial Intelligence and Internet of Things অনুষ্ঠিত হয়। IEEE বাংলাদেশ সেকশন ও IEEE Robotics and Automation Society Bangladesh Chapter-এর যৌথ আয়োজনে এবং যবিপ্রবির ব্যবস্থাপনায় সম্মেলনটি সরাসরি ও অনলাইন—দুই মাধ্যমে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ ১৪টি দেশের গবেষকরা অংশ নেন। এতে মোট ৫১৭টি গবেষণাপত্র জমা পড়ে। পর্যালোচনা ও বাছাই শেষে মাত্র ১৪৫টি গবেষণাপত্র উপস্থাপনের জন্য নির্বাচিত হয়। সে হিসাবে গবেষণাপত্র গ্রহণের হার ছিল প্রায় ২৮ শতাংশ।
দুই দিনের সম্মেলনে রোবোটিক্স, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ইন্টারনেট অব থিংস (আইওটি) নিয়ে গবেষণা ও উদ্ভাবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি বিভিন্ন দেশের গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে গবেষণালব্ধ ফলাফল, অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হয়।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বক্তব্য দেন। এতে কি-নোট স্পিকার হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত Applied Materials Inc.-এর সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার রাম চন্দ্র পালসানিয়া।
তিনি সেমিকন্ডাক্টর উৎপাদনে প্রেডিক্টিভ মেইনটেন্যান্স এবং যন্ত্রের ডাউনটাইম কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত অটোমেশনের ব্যবহার নিয়ে আলোচনা করেন।

