উত্তরা প্রতিদিন
ঢাকা

রাকাবে এনপিএসবি ও বাংলা কিউআর লেনদেন সেবা চালু

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ণ
রাকাবে এনপিএসবি ও বাংলা কিউআর লেনদেন সেবা চালু

গ্রাহকদের দ্রুত ও সহজে ডিজিটাল লেনদেনের সুযোগ দিতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে (রাকাব) ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ও বাংলা কিউআর (বাংলা কিউআর) সেবা চালু করা হয়েছে। এর ফলে রাকাবের গ্রাহকেরা অন্য ব্যাংকে অর্থ স্থানান্তর এবং বাংলা কিউআর ব্যবহার করে বিভিন্ন পণ্য ও সেবার মূল্য পরিশোধ করতে পারবেন।

 

বুধবার রাজশাহী নগরের আমানা বিগ বাজার ও ফ্লিটবাই সুপার শপে কেনাকাটার মাধ্যমে নতুন এ সেবার উদ্বোধন করেন রাকাবের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান।

এ সময় ব্যাংকের প্রশাসন ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্দীন আহম্মদ, রাকাবের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) অপারেশন বিভাগের কর্মকর্তাগণ এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

রাকাবের কর্মকর্তারা জানান, এনপিএসবি সেবা চালুর ফলে রাকাবের গ্রাহকেরা অন্য ব্যাংকের হিসাবে দ্রুত অর্থ স্থানান্তর করতে পারবেন। অন্যদিকে রাকাবের ই-ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে দোকান বা বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি মূল্য পরিশোধ করা যাবে।

 

এ দুটি সেবার মাধ্যমে ব্যাংকের শাখায় না গিয়েও গ্রাহকেরা প্রয়োজনীয় লেনদেন করতে পারবেন। সাপ্তাহিক ছুটিসহ বছরের ৩৬৫ দিনই এসব ডিজিটাল লেনদেনের সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে রাকাব।

ব্যাংক কর্তৃপক্ষ বলছে, নতুন এ সেবার ফলে আন্তব্যাংক ডিজিটাল লেনদেনের সুযোগ বাড়বে। পাশাপাশি নগদ অর্থের ব্যবহার কমিয়ে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণেও এটি ভূমিকা রাখবে।

আধুনিক প্রযুক্তিনির্ভর ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।

 

 

উত্তরা /এএম 

Read more — উত্তরাঞ্চল
Home