
রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার তালপুকুরিয়া এলাকা থেকে ১৬টি ককটেল ও চারটি পেট্রোল বোমা উদ্ধার করেছে স্পেশাল র্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর সিপিএসসি কোম্পানির একটি অভিযানিক দল। আজ বুধবার রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে এসব বোমা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
এসআরবি-৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টা ২৫ মিনিটের দিকে অভিযানিক দল জানতে পারে, তালপুকুরিয়া সিটিহাট থেকে কামালচত্বর সড়কের পূর্ব পাশে নেসকো বিদ্যুৎ অফিসের দক্ষিণ পাশের একটি আমবাগানে বোমাসদৃশ্য বস্তু পড়ে আছে। সেখানে মো. জাহাঙ্গীর মণ্ডলের চাষ করা পুঁইশাকের ক্ষেতে শপিং ব্যাগে করে এসব রাখা হয়েছে বলে তথ্য পাওয়া যায়।
পরে এসআরবি-৫-এর অভিযানিক দল ঘটনাস্থলে গিয়ে দুটি শপিং ব্যাগ দেখতে পায়। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যদের নিয়ে টর্চ ও সার্চলাইটের আলোতে তল্লাশি চালিয়ে একটি সাদা শপিং ব্যাগ থেকে কসটেপে মোড়ানো ১৬টি ককটেল এবং একটি লাল শপিং ব্যাগ থেকে চারটি পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। সাক্ষীদের উপস্থিতিতে এসব আলামত জব্দ করা হয়।
এসআরবি জানায়, উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
দেশের সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক কারবারি, অস্ত্রধারী, ছিনতাইকারীসহ সার্বিক আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে এসআরবি নিয়মিত অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছে সংস্থাটি।
উত্তরা /এএম

