উত্তরা প্রতিদিন
ঢাকা

৩ বছর পর সোনামসজিদ দিয়ে এলো ৬০ টন টমেটো

উত্তরা প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ণ
৩ বছর পর সোনামসজিদ দিয়ে এলো ৬০ টন টমেটো
সোনামসজিদ স্থলবন্দর দিয়ে টমেটো এসেছে -সংগৃহীত ছবি

দীর্ঘ তিন বছর পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এসেছে ৬০ মেট্রিক টন টমেটো। রোববার বেলা ১১টার দিকে ভারতীয় দুইটি ট্রাকভর্তি টমেটো সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডে প্রবেশ করে। এসব টমেটো আমদানি করেছেন জয়নাল আবেদিন নামে এক আমদানিকারক।

পানামা পোর্ট লিঙ্ক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান জানান, এই স্থলবন্দরে এর আগেও টমেটো আমদানি হয়েছে। তবে দীর্ঘ তিন বছর থেকে বন্ধ ছিল। হঠাৎ আজ দুইটি ট্রাকে ৬০ মেট্রিক টন টমেটো আমদানি হয়েছে। এসব টমোটোর গাড়ি লোড-আনলোড চলছে। দ্রুত দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে যাবে।

চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে অবস্থিত কাঁচা বাজারের ব্যবসায়ী আসজর আলী জানান, আজকে পাইকারিভাবে টমেটো বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজি এবং খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি। তবে পাঁচদিন আগে টমেটোর দাম কম ছিলো। তখন পাইকারি বাজারে টমেটো বিক্রি হচ্ছিলো ৯০ টাকা এবং খুচরা বাজারে বিক্রি হচ্ছিলো ১১০ টাকা কেজি দরে। টমেটো আমদানি হলে এবং বাজারে সরবরাহের পরিমাণ বাড়লে দাম কমতে পারে।

সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ বলেন, এই স্থলবন্দরটি দিয়ে টমেটো তেমন আসে না। প্রায় দুই বছর পর আজকে টমেটো এসেছে।  আজকে সারা দিনে অন্যান্য পণ্যের সাথে প্রায় ৫৬ মেট্রিক টন ভারতীয় টমেটো আমদানি করা হয়েছে।

Read more — উত্তরাঞ্চল
Home