উত্তরা প্রতিদিন
ঢাকা

রামেক হাসপাতালে ডেঙ্গুতে কৃষকের মৃত্যু

এক দিনে নতুন ভর্তি ২৯, চিকিৎসাধীন ১০৭
উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ণ
রামেক হাসপাতালে ডেঙ্গুতে কৃষকের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল করিম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়া,  বর্তমানে ১০৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২৯ জন।

আজ মঙ্গলবার দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম হোসেন ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ এ তথ্য নিশ্চিত করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত আব্দুল করিম চাঁপাইনবাবগঞ্জের পোলাডাঙ্গা বটতলা এলাকার বাসিন্দা। তিনি পেশায় কৃষক। গত ১৬ সেপ্টেম্বর রাত পৌনে ১১টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।

হাসপাতালের তথ্যে তাঁর মৃত্যুর কারণ হিসেবে সন্দেহজনক ডেঙ্গু মায়োকার্ডাইটিসে হৃদ্‌স্পন্দনের জটিলতায় আকস্মিক মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে।

রামেক হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ২৫ জন বাড়ি ফিরেছেন। একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে বর্তমানে হাসপাতালে ১০৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম হোসেন বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে পারে। বিশেষ করে ডেঙ্গু শক সিন্ড্রোম দেখা দিলে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। তাই জ্বর, শরীর ও মাথাব্যথা, বমি কিংবা অতিরিক্ত দুর্বলতার মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

Read more — উত্তরাঞ্চল
Home