উত্তরা প্রতিদিন
ঢাকা

হোয়াটসঅ্যাপ হ্যাকের শিকার ব্যারিস্টার আবুবকর সিদ্দিক

উত্তরা প্রতিদিন দুর্গাপুর প্রতিবেদক ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ণ
হোয়াটসঅ্যাপ হ্যাকের শিকার ব্যারিস্টার আবুবকর সিদ্দিক

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার আবুবকর সিদ্দিকের ব্যক্তিগত মুঠোফোন নম্বর দিয়ে খোলা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে অভিযোগ উঠেছে। হ্যাক করা অ্যাকাউন্ট ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে অস্বস্তিকর ও অনাকাঙ্ক্ষিত বার্তা পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

এ ঘটনায় রাজধানীর আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ব্যারিস্টার আবুবকর সিদ্দিক। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিষয়টি অনুসন্ধান করছেন বলে জানিয়েছেন তিনি।

ব্যারিস্টার আবুবকর সিদ্দিক বলেন, তাঁর ব্যক্তিগত মুঠোফোন নম্বর দিয়ে খোলা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। এরপর ওই অ্যাকাউন্ট ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে অস্বস্তিকর ও অনাকাঙ্ক্ষিত বার্তা পাঠানো হচ্ছে। এতে পরিচিতজনদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে।

তিনি বলেন, ‘বিষয়টি জানার পর আমি রাজধানীর আদাবর থানায় সাধারণ ডায়েরি করেছি। পুলিশ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিষয়টি অনুসন্ধান করছেন। আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বার্তা বা যোগাযোগ করা হলে এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’

তিনি এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।

ব্যারিস্টার আবুবকর সিদ্দিক রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে পেশাগত দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

বিএনপির চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে বিভিন্ন সময় আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে একাধিকবার কারাবরণের কথাও উল্লেখ করেন ব্যারিস্টার আবুবকর সিদ্দিক।

Read more — উত্তরাঞ্চল
Home