
রাজশাহী নগরীর উপকণ্ঠে সিটি বাইপাস হাটসংলগ্ন এলাকায় আবাসন প্রকল্প আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পটির উদ্বোধন করা হয়।
আরশি প্লাটিনাম সিটির চেয়ারম্যান কামরুজ্জামান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েমার্ক আইডিয়াল কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মুক্তাদির রহমান, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ইমাম মেহেদী, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এজিএম মোস্তাফিজুর রহমান, রাজশাহী চেম্বারের পরিচালক ও বিনোদপুর বাজার সমিতির সভাপতি মো. আহসান হাবীব, চেম্বারের সাবেক পরিচালক মো. খাইরুল বাশার, সাবেক সিনিয়র সহসভাপতি মো. সুলতান মাহমুদ সুমন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট মো. হাসানুজ্জামান, জনতা ব্যাংকের ডেপুটি ম্যানেজার মো. শরিফুল ইসলাম এবং রাজশাহী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক রবিউল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) কর্মকর্তা মো. খাদেমুল ইসলাম।
অনুষ্ঠানে আরশি প্লাটিনাম সিটির বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রকল্পের পরিকল্পনা নিয়ে স্লাইড উপস্থাপন করেন প্রকল্পের প্রকৌশলী।
উদ্বোধনী অনুষ্ঠানে আরশি প্লাটিনাম সিটির চেয়ারম্যান কামরুজ্জামান সুমন বলেন, যারা এ প্রকল্পে ফ্ল্যাট কিনবেন, চুক্তি সম্পাদনের পর ৪০ মাসের মধ্যে তাদের ফ্ল্যাট হস্তান্তর করা হবে।
তিনি বলেন, তুলনামূলক কম মূল্যে ফ্ল্যাট দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তিন রুমের ফ্ল্যাটের মূল্য প্রায় ৩০ লাখ টাকা এবং দুই রুমের ফ্ল্যাটের মূল্য প্রায় ২০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, আরশি প্লাটিনাম সিটিতে মসজিদ, সুপার শপ, জিম, কমিউনিটি সেন্টার, কমিউনিটি ক্লিনিক ও ফিজিওথেরাপি হাসপাতালের মতো বিভিন্ন নাগরিক সুবিধা রাখা হয়েছে।
আয়োজকরা জানান, নগরীর উপকণ্ঠে পরিকল্পিত এ আবাসন প্রকল্প বাস্তবায়িত হলে রাজশাহীর আবাসন ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হওয়ার পাশাপাশি শহরের সৌন্দর্য ও আধুনিকায়নে ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে প্রকল্পের চেয়ারম্যান কামরুজ্জামান সুমন অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং আরশি প্লাটিনাম সিটির বিভিন্ন সুযোগ-সুবিধা ও বিশেষ অফার তুলে ধরেন।

