
পরিবেশের ভারসাম্য রক্ষায় শহরকে আরও সবুজ করতে হবে জানিয়ে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, দীর্ঘ দুই থেকে তিন যুগের ধারাবাহিক প্রচেষ্টায় রাজশাহী শহর সবুজ নগরী হিসেবে যে সুনাম অর্জন করেছে, এর মূল কৃতিত্ব রাজশাহী জেলা ও মহানগরের সর্বস্তরের জনগণের। এ গৌরব ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
আজ শনিবার বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কার্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের (রেডা) সহযোগিতায় আরএমপি, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) ও রাজশাহীর সাংবাদিকদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভূমিমন্ত্রী বলেন, মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে ১৭ বছরে রাজশাহী মহানগরী সারা বাংলাদেশে ১৪ বার প্রথম স্থান অর্জন করেছে। এর ধারাবাহিকতায় রাজশাহী বর্তমানে দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ‘গ্রিন সিটি, ক্লিন সিটি ও হেলদি সিটি’ হিসেবে পরিচিতি লাভ করেছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায়ও নগরীর অবস্থান সুদৃঢ় হয়েছে।
তিনি বলেন, বৃক্ষ কার্বন ডাই-অক্সাইড শোষণ করে অক্সিজেন ছাড়ার মাধ্যমে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখে। পৃথিবীতে বৃক্ষ না থাকলে কোনো প্রাণের অস্তিত্বই থাকত না। তাই পরিবেশ সুরক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ করা প্রত্যেকের পবিত্র দায়িত্ব।
নগরীর সার্বিক সবুজায়নে আবাসন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের ভূমিকার কথা উল্লেখ করে তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ভূমিমন্ত্রী।
রেডার সভাপতি তৌফিকুর রহমান লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট এবং জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি উপস্থিতদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।

