
প্রধানমন্ত্রী সম্প্রতি দেশব্যাপী একযোগে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রীর ঘোষিত এই কর্মসূচির ধারাবাহিকতায় রাজশাহীকে ডেঙ্গুমুক্ত রাখা ও সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহানগরীতে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১০টায় রাজশাহী মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মেহেরচণ্ডী এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। রাজশাহী মহানগর বিএনপির সভাপতির নির্দেশনায় মতিহার থানা (উত্তর) যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে জনকল্যাণমূলক এই উদ্যোগ গ্রহণ করে।
অভিযানকালে মেহেরচণ্ডী এলাকার বিভিন্ন রাস্তা ও ড্রেনগুলোতে মশক নিধন স্প্রে এবং ব্লিচিং পাউডার প্রয়োগ করা হয়। একইসঙ্গে ডেঙ্গু মশার লার্ভা ধ্বংসে যত্রতত্র জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার করেন নেতাকর্মীরা।
কর্মসূচিতে উপস্থিত থেকে নেতৃত্ব দেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মামুন-অর-রশিদ মামুন। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সাধারণ সম্পাদক মো. বজলুজ্জামান মোহন, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. শাহীন আক্তার সাঈদ, মতিহার থানা (উত্তর) স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সোহেল রানা এবং সাবেক যুবদল নেতা মো. রেজাউল করিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পরিচ্ছন্নতা অভিযান চলাকালে সাধারণ মানুষের উদ্দেশ্যে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মামুন-অর-রশিদ মামুন বলেন, নাগরিকদের ডেঙ্গুর ভয়াবহতা থেকে রক্ষা করতে নিজেদের বসতবাড়ি ও আশপাশের আঙিনা নিয়মিত পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। সকলের সম্মিলিত সচেতনতা ও পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমেই একটি ডেঙ্গুমুক্ত নগরী গড়ে তোলা সম্ভব।

