উত্তরা প্রতিদিন
ঢাকা

শিশুদের সঙ্গে আচরণে ভয় নয়, আস্থা ফেরাতে চায় পুলিশ

পুলিশ কমিশনার
উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৯ আগস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ণ
 শিশুদের সঙ্গে আচরণে ভয় নয়, আস্থা ফেরাতে চায় পুলিশ

জুলাই-আগস্টের আন্দোলনের পর দায়িত্ব পালন করতে গিয়ে অনেক পুলিশ সদস্য মানসিক ট্রমার মধ্যে রয়েছেন। সেই ট্রমা কাটিয়ে তাদের আত্মবিশ্বাসী ও মানবিকভাবে দায়িত্ব পালনের সক্ষমতা বাড়াতে রাজশাহীতে পুলিশ কর্মকর্তাদের জন্য মনো-সামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দিনব্যাপী রাজশাহী পুলিশ লাইন্সের পিওএম কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাজশাহী শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে পুলিশ কমিশনার বলেন, ‘জুলাই-আগস্টের আন্দোলনের পর অনেক পুলিশ সদস্য মানসিকভাবে ট্রমাটাইজড হয়েছেন। তাদের সেই ট্রমা কাটিয়ে কর্মক্ষেত্রে আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালনে সক্ষম করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। একজন পুলিশ সদস্য নিজে মানসিকভাবে সুস্থ ও দৃঢ় থাকলে মানুষের পাশে আরও কার্যকরভাবে দাঁড়াতে পারবেন।’

 

তিনি আরও বলেন, ‘বিপদ্‌গ্রস্ত বা নির্যাতনের শিকার কোনো শিশু পুলিশের কাছে এলে তার সঙ্গে আচরণের ক্ষেত্রে ভয় নয়, আস্থা তৈরি করতে হবে। শিশুর মনে নিরাপত্তাবোধ তৈরি করতে পারলে সে নিজের কথা সহজে বলতে পারবে এবং প্রকৃত ঘটনা জানা সম্ভব হবে। তাই শিশুদের সঙ্গে কাজ করা পুলিশ কর্মকর্তাদের মানবিক, ধৈর্যশীল ও সংবেদনশীল হওয়ার বিকল্প নেই।’

দিনব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুরশিদা ফেরদৌস বিনতে হাবিব শিশুদের মানসিক বিকাশ, ট্রমার প্রভাব, ভিকটিম শিশুর আচরণগত পরিবর্তন, নিরাপদ যোগাযোগ এবং মনো-সামাজিক সহায়তার বিভিন্ন কৌশল তুলে ধরেন।

 

প্রশিক্ষণে শিশু আইন-২০১৩-এর আলোকে শিশু সুরক্ষা নিশ্চিত করা, ভিকটিম শিশুর মানসিক অবস্থা বোঝা, ট্রমার প্রভাব, কার্যকর যোগাযোগ, কাউন্সেলিং এবং মনো-সামাজিক সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পুলিশ সদস্যদের নিজেদের মানসিক চাপ ও ট্রমা মোকাবিলা করে তা ইতিবাচকভাবে কর্মক্ষেত্রে প্রয়োগের বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাজশাহী শহর এরিয়া ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম।

তিনি জানান, শিশু আইন-২০১৩-এর আলোকে শিশু সুরক্ষা নিশ্চিত করতে থানা নারী ও শিশু হেল্প ডেস্কের সঙ্গে ‘সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন’ ইন্টারফেস মিটিংয়ের কর্মপরিকল্পনার অংশ হিসেবে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

 

প্রশিক্ষণে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা, রাজপাড়া, বোয়ালিয়া, মতিহার, চন্দ্রিমা ও শাহমখদুম থানার নারী ও শিশু হেল্প ডেস্কের কর্মকর্তা, এএসআই, এসআই ও ইন্সপেক্টর পদমর্যাদার ৩০ জন পুলিশ সদস্য এবং ভিকটিম সাপোর্ট সেন্টারের পাঁচজন কর্মকর্তা অংশ নেন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী শহর এডিপির প্রোগ্রাম অফিসার রিপন হালদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন এবং উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম।

Read more — উত্তরাঞ্চল
Home