উত্তরা প্রতিদিন
ঢাকা

বিএমডিএর নতুন নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলমের যোগদান

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১৭ আগস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ণ
বিএমডিএর নতুন নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলমের যোগদান

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নবনিযুক্ত নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম খান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। আজ সোমবার সকালে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছে তিনি প্রথমে গোদাগাড়ী উপজেলায় বিএমডিএর প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান ড. এম. আসাদুজ্জামানের কবর জিয়ারত করেন। পরে বিএমডিএর প্রধান কার্যালয়ে গিয়ে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

প্রধান কার্যালয়ে পৌঁছালে বিএমডিএর কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে নবনিযুক্ত নির্বাহী পরিচালককে বরণ করে নেন। বিভিন্ন সংগঠন ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকেও তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। নতুন নির্বাহী পরিচালকের যোগদানে বিএমডিএর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।

দায়িত্ব গ্রহণের পর কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে মো. জাহাঙ্গীর আলম খান বলেন, বিএমডিএ শুধু একটি প্রতিষ্ঠান নয়, বরেন্দ্র অঞ্চলের কৃষক ও মানুষের জীবন-জীবিকার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের দায়িত্ব পাওয়া তাঁর জন্য সম্মানের পাশাপাশি বড় দায়িত্বও।

তিনি বিএমডিএর প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান ড. এম. আসাদুজ্জামানের অবদানের কথা স্মরণ করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বর্তমান চেয়ারম্যান এবং উপদেষ্টা রিহান আসিফ আসাদের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নবনিযুক্ত নির্বাহী পরিচালক বলেন, ‘আমি বিএমডিএর সব কর্মকর্তা-কর্মচারীকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। আমাদের মূল লক্ষ্য হবে কৃষকবান্ধব কার্যক্রম জোরদার করা, সেচ ব্যবস্থাকে আরও কার্যকর ও টেকসই করা এবং বরেন্দ্র অঞ্চলের মানুষের জন্য নিরাপদ ও পরিকল্পিত পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা।’

তিনি বলেন, বরেন্দ্র অঞ্চলের কৃষি উৎপাদনের অন্যতম প্রধান ভিত্তি সেচ। তাই ভূ-উপরিস্থ ও ভূগর্ভস্থ পানির সমন্বিত ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে হবে। সেচ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি পানির অপচয় রোধ, সৌরশক্তির ব্যবহার বৃদ্ধি এবং কৃষকদের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের প্রতিটি পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে বিএমডিএ আরও শক্তিশালী ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে। সম্মিলিতভাবে এমন একটি বিএমডিএ গড়ে তুলতে হবে, যার সুফল সরাসরি বরেন্দ্র অঞ্চলের কৃষক ও সাধারণ মানুষ পাবেন।

এ সময় তিনি দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন এবং বিএমডিএকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে, দুপুরে বিএমডিএর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন নবনিযুক্ত নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম খান। সভায় সভাপতিত্ব করেন বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাসেম।

সভায় বিএমডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, প্রকল্প পরিচালক, ব্যবস্থাপক (কৃষি), মনিটরিং অফিসার, সহকারী প্রকৌশলী ও উচ্চতর উপসহকারী প্রকৌশলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১১ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মো. জাহাঙ্গীর আলম খানকে কৃষি মন্ত্রণালয়ের অধীন বিএমডিএর নির্বাহী পরিচালক পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

Read more — উত্তরাঞ্চল
Home