উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীর তাজা মাছ কার্গো বিমানে বিদেশে রপ্তানি হবে: ভূমিমন্ত্রী

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১৬ আগস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ণ
রাজশাহীর তাজা মাছ কার্গো বিমানে বিদেশে রপ্তানি হবে: ভূমিমন্ত্রী

রাজশাহীর তাজা মাছ কার্গো বিমানে করে বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। এ জন্য রাজশাহী বিমানবন্দরকে আরও সম্প্রসারণ করা হবে বলেও জানান তিনি।

আজ রোববার দুপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রী রাজশাহী কালেক্টরেট পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ভূমিমন্ত্রী বলেন, ‘রাজশাহীর তাজা মাছ কার্গো বিমানে করে বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে। এ জন্য রাজশাহী বিমানবন্দরকে আরও সম্প্রসারণ করা হবে। যত দিন যাবে, রাজশাহী তত এগিয়ে যাবে।’

তিনি আরও বলেন, মৎস্য খাতে বাংলাদেশ বিশ্বে অষ্টম অবস্থানে রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশ প্রথম ও দ্বিতীয় অবস্থানেও রয়েছে। আগামী দিনে এ খাত আরও এগিয়ে যাবে। মৎস্যসম্পদকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতি আরও শক্তিশালী করা সম্ভব।

মিজানুর রহমান মিনু বলেন, আগামী দিনে কয়েকটি সেক্টরের মধ্যে বাংলাদেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে এগিয়ে যাবে। আগামী দিনে এই জায়গা জমিনের যুদ্ধ হবে না। যুদ্ধ হবে মিষ্টি পানি খাওয়ার, সুইট ওয়াটার। এই সুইট ওয়াটার, মিষ্টি পানি, বাংলাদেশে হচ্ছে সবচেয়ে বড় রিজার্ভার। পেট্রোলের চেয়ে এই মিষ্টি পানির দাম অনেক বেশি। আগামী দিনে আরও বেশি হবে। পৃথিবীর এখনো ৭-৮ টা দেশের যুদ্ধ হয় নদীর পানি নিয়ে। তাই এই সম্পদ সংরক্ষণ ও সঠিকভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, রাজশাহীর আশপাশের খাল-বিলগুলো মাছ চাষের উপযোগী করে গড়ে তোলা হবে। এসব জলাশয়ে মাছ চাষ করে স্থানীয় চাষিরা উৎপাদিত মাছ বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন। এ জন্য রাজশাহীর চাষিদের দেশীয় পদ্ধতিতে মাছ চাষে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আনম বজলুর রশিদ, রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ফয়েজুল কবির, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন, রাজশাহী বিভাগীয় মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া প্রমুখ। স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

উল্লেখ্য, ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, রাজশাহীর উদ্যোগে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন করা হয়।

Read more — উত্তরাঞ্চল
Home