
মাস্তুল ফাউন্ডেশন সারা দেশে নিরবচ্ছিন্নভাবে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে জানিয়ে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, প্রতিষ্ঠানটির সেবামূলক কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সংকটে মানুষের পাশে দাঁড়াচ্ছে মাস্তুল ফাউন্ডেশন।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরীর হজোর মোড়ে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাস্তুল ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করে ভূমিমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটির সেবার পরিধি শুধু টিউবওয়েল বা সেলাই মেশিন বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়। দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে তারা মানুষের পাশে দাঁড়ায়। আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রতিষ্ঠানটির ভূমিকা রয়েছে। গাজা ও ফিলিস্তিনে নির্যাতিত মানুষের জন্য খাদ্য, ওষুধ ও আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে তারা।
রাজশাহীতে বিশুদ্ধ পানির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, মাস্তুল ফাউন্ডেশনের টিউবওয়েল বিতরণের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। তিনি স্থানীয় দায়িত্বশীল ব্যক্তি ও স্বেচ্ছাসেবকদের স্বচ্ছতার সঙ্গে এসব সহায়তা বিতরণের নির্দেশ দেন।
নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে মিজানুর রহমান মিনু বলেন, ‘কারাগারে থাকাকালীন আমি পানির কষ্ট অনুভব করেছি। সেই অভিজ্ঞতা থেকেই সবসময় মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা করি।’
মাস্তুল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আকমল হোসেন আজাদের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, তার মতো সৎ, দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তির পরিচালনায় প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
ভূমিমন্ত্রী রাজশাহীর শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সরকারি অনুমতি সাপেক্ষে নিজেও মাস্তুল ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক হিসেবে গাজা উপত্যকায় মানবিক মিশনে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
অনুষ্ঠানে মাস্তুল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আকমল হোসেন আজাদ, রাজশাহী লায়ন্স ক্লাবের সভাপতি মো. ইফতিয়ার মাহমুদ বাবুসহ ফাউন্ডেশনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন, সুবিধাভোগী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সুবিধাভোগীদের হাতে মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে টিউবওয়েল ও সেলাই মেশিন তুলে দেন ভূমিমন্ত্রী।
মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য রাজশাহী নগরীতে ২২টি টিউবওয়েল ও একটি সেলাই মেশিন বিতরণ করা হয়।

