
তথ্য অধিকার আইন ২০০৯-এর বিধি-বিধান সম্পর্কে সচেতনতা বাড়াতে সিরাজগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ মওলানা ভাসানী ডিগ্রি কলেজ মিলনায়তনে এ সভার আয়োজন করে রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি)। কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এতে অংশ নেন।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী পিআইডি’র উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান। তিনি তথ্য অধিকার আইনের বিভিন্ন ধারা-বিধান তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন।
এ সময় বক্তব্য দেন পিআইডি’র সিনিয়র তথ্য অফিসার মো. আতিকুর রহমান শাহ্, সিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক মোহাম্মদ আলী ও কলেজের অধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন।
বক্তারা বলেন, তথ্য অধিকার আইন সুশাসন প্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিতকরণ ও জনগণের মৌলিক অধিকার সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তরুণ প্রজন্ম এ বিষয়ে যত বেশি জানবে, তত বেশি গণতান্ত্রিক চর্চা ও স্বচ্ছতা নিশ্চিত হবে।

