
‘আদিবাসী ধাত্রীদের সম্মান: জীবন রক্ষা ও সুস্বাস্থ্য নিশ্চিতকরণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রোববার সকালে নগরের আলুপট্টি মোড় থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে সাহেববাজার জিরোপয়েন্ট এলাকার একটি কনভেনশন সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত সভায় বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমির অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালু, সরকারি চাকরিতে ৫ শতাংশ কোটা, জাতীয় সংসদে সংরক্ষিত আসন, পৃথক ভূমি কমিশন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠনের দাবি তুলে ধরেন তারা।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন এলাকায় আদিবাসীরা দীর্ঘদিন ধরে ভূমি দখল, নির্যাতন, হত্যা ও ধর্ষণসহ নানা ধরনের সহিংসতার শিকার হচ্ছেন। এসব ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। আদিবাসীদের অধিকার ও মর্যাদা রক্ষায় রাষ্ট্রকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি গণেশ মার্ডি, সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, একই প্রতিপাদ্যে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করেছে রক্ষাগোলা সমন্বয় কমিটি। সকালে সাংস্কৃতিক শোভাযাত্রা ও পথসভা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা আদিবাসী ধাত্রীদের অবদান ও ভূমিকার স্বীকৃতি দেওয়ার পাশাপাশি আদিবাসীদের নৃতাত্ত্বিক ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

