
একঝাঁক কর্মচঞ্চল ও স্বেচ্ছাসেবী তরুণ-তরুণীকে নিয়ে জনপ্রিয় দৈনিক খবরের কাগজ-এর পাঠক সংগঠন ‘বন্ধুজন’-এর রাজশাহী জেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেল ৪টায় দৈনিক খবরের কাগজের রাজশাহী ব্যুরো অফিসে এক অনুষ্ঠানে ১৯ সদস্যের নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
রাজশাহী বন্ধুজনের প্রধান উপদেষ্টা রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. দীপকেন্দ্র নাথ দাস (দীপক দাস) উপস্থিত ফরম পূরণকারী সদস্যদের সঙ্গে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠানে রাজশাহী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ-তরুণী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কমিটিতে মো. মাহবুব উল-ইসলাম (বিপুল) সভাপতি এবং মোসা. তামিম তুলি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যরা হলেন—সহসভাপতি মো. আসিফুর রহমান সজল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দা ফারিভা আখতার, সাংগঠনিক সম্পাদক মো. আসেফ আবিদ, মানবসম্পদবিষয়ক সম্পাদক মো. শাহরিয়ার সাইম, প্রশিক্ষণ সম্পাদক জনাব আলী, নারীবিষয়ক সম্পাদক প্রিয়ন্তী কর্মকার, সাংস্কৃতিক সম্পাদক মো. খুরশীদ আল মাহমুদ, সাহিত্য, পাঠচক্র ও পাঠাগার সম্পাদক এস এম ফায়সাল মাসুদ, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শিমুল, যোগাযোগ ও প্রচার সম্পাদক ইউসুফ আলী, ক্রীড়া সম্পাদক মো. সাকিব হোসেন মানজাল, দপ্তর সম্পাদক মো. আহসান হাবীব, সমাজকল্যাণ সম্পাদক মো. সুলতান আহমেদ, পরিবেশ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মো. মিলন, শিক্ষাবিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. মনিরুজ্জামান বাবুল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল আলীম এবং বিজ্ঞানবিষয়ক সম্পাদক ইজাজ মাহমুদ মুজাহিদ।
কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. দীপকেন্দ্র নাথ দাস (দীপক দাস), নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সাবেক প্রশাসক ও জ্যেষ্ঠ সাংবাদিক আহমেদ সফিউদ্দিন এবং দৈনিক খবরের কাগজের রাজশাহী ব্যুরো প্রধান এনায়েত করিম।
কমিটি ঘোষণার পর ভিডিও বার্তায় বন্ধুজনের কেন্দ্রীয় সভাপতি ও খবরের কাগজের সহকারী সম্পাদক ড. সারিয়া সুলতানা এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ব্র্যান্ড অ্যান্ড ইভেন্ট বিভাগের প্রধান আতিয়া সুলতানা রাজশাহী জেলা কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় ড. সারিয়া সুলতানা বলেন, ‘বন্ধুজনের মূল শক্তি হচ্ছে এর সদস্যরা। তরুণ প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস, সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা বাড়াতে বন্ধুজন কাজ করছে। রাজশাহী জেলা কমিটির সদস্যদের নিয়ে আমরা আশাবাদী। তারা নিজেদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সমাজের জন্য ইতিবাচক কিছু করার উদ্যোগ নেবেন। শুধু সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণ নয়, নিজেদের চারপাশের মানুষের জন্য কাজ করাই হবে বন্ধুজনের সদস্যদের অন্যতম দায়িত্ব।’
বন্ধুজনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ব্র্যান্ড অ্যান্ড ইভেন্ট বিভাগের প্রধান আতিয়া সুলতানা বলেন, ‘বন্ধুজনের প্রতিটি সদস্যকে আমরা একটি পরিবারের অংশ হিসেবে দেখি। একে অপরের পাশে দাঁড়ানো, মানুষের জন্য কাজ করা এবং সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। রাজশাহীতে নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে এই অঞ্চলে বন্ধুজনের কার্যক্রম আরও গতিশীল হবে।’
রাজশাহী বন্ধুজনের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. দীপকেন্দ্র নাথ (দীপক দাস) বলেন, ‘বন্ধুজনের মতো একটি সংগঠনের সঙ্গে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একটি সুন্দর সমাজ গঠনে তরুণদের সৃজনশীল শক্তিকে কাজে লাগাতে হবে। রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণদের নিয়ে যে কমিটি গঠিত হয়েছে, তাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আমরা চাই, তারা সংগঠনের মাধ্যমে ভালো কাজের চর্চা গড়ে তুলবে এবং অন্যদেরও ভালো কাজে উৎসাহিত করবে।’
তিনি আরও বলেন, ‘বন্ধুজন কোনো দলীয় সংগঠন নয়। এটি মানুষের জন্য কাজ করার একটি সুন্দর সুযোগ তৈরি করে দিয়েছে। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো, পরিবেশ রক্ষা, শিক্ষা ও সংস্কৃতির প্রসার এবং তরুণদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করার ক্ষেত্রে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
তিনি আরও বলেন, ‘খবরের কাগজের পাঠকদের সঙ্গে পত্রিকার সম্পর্ক আরও নিবিড় করার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে মুক্তচিন্তা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করাই বন্ধুজনের অন্যতম লক্ষ্য। রাজশাহীতে এই সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত করতে আমরা সব ধরনের সহযোগিতা করব। আশা করি, নতুন কমিটির নেতৃত্বে বন্ধুজন একটি আদর্শ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (আরটিজেএ) সাধারণ সম্পাদক রাসেল মোস্তাফিজ, তরুণ উদ্যোক্তা আসিফ ইকবাল, জ্যেষ্ঠ সাংবাদিক আমজাদ হোসেন শিমুল, সাখাওয়াত হোসেন সাদীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

