
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া এলাকায় ডিজিএফআই ও পুলিশের সদস্য পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (৫ আগস্ট) অভিযুক্ত হাসিবুল ও সোহেল নামে দুই ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে সোহেল রানা নামে এক ব্যক্তির বাড়িতে যান। এ সময় ভয়ভীতি দেখিয়ে তারা নগদ ৬০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই দুই ব্যক্তি আবারও ওই বাড়িতে গিয়ে নিজেদের ডিজিএফআই ও পুলিশের সদস্য পরিচয় দিয়ে আরও টাকা দাবি করেন। তাদের আচরণে স্থানীয়দের সন্দেহ হলে তারা দুজনকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয় এবং পুলিশে খবর দেয়।
খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতার কাছ থেকে দুইজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

