
রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ৬২তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের মানবিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে চিকিৎসাসেবায় আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি। তিনি বলেন, একজন চিকিৎসকের সুন্দর আচরণ, সহমর্মিতা ও আন্তরিকতা রোগীর সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আজ শনিবার বেলা ১১টায় রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত এমবিবিএস ৬২তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের শপথ গ্রহণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, চিকিৎসক পেশা শুধু একটি চাকরি নয়, এটি মানবসেবার মহান দায়িত্ব। সৃষ্টিকর্তার নামে যে শপথ নবীন চিকিৎসকরা নিয়েছেন, তা যেন তাদের কর্মজীবনে সততা, নিষ্ঠা, দেশপ্রেম ও মানবিকতার প্রতিফলন ঘটায়। রোগীদের সঙ্গে অমায়িক আচরণ ও সহানুভূতিশীল মনোভাবের মাধ্যমে মানুষের আস্থা অর্জনের আহ্বান জানান তিনি।
তিনি বলেন, রাজশাহী মেডিকেল কলেজের দীর্ঘদিনের সুনাম রয়েছে। এ প্রতিষ্ঠানের অসংখ্য চিকিৎসক দেশে-বিদেশে দক্ষতা ও মানবিক সেবার মাধ্যমে প্রতিষ্ঠানের মর্যাদা বাড়িয়েছেন। ডা. গোলাম মওলা, অধ্যাপক হারুন ও ডা. মাহবুব হাসানের মতো চিকিৎসকদের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, তাঁদের চিকিৎসা দক্ষতার পাশাপাশি রোগীদের প্রতি আন্তরিক আচরণই তাঁদের আলাদা পরিচিতি এনে দিয়েছে।
নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে ভূমিমন্ত্রী বলেন, একজন চিকিৎসকের আন্তরিক ব্যবহার ও একটি মৃদু হাসিও রোগীর মানসিক শক্তি বাড়িয়ে দেয়। প্রখ্যাত চিকিৎসক ডা. বিধান চন্দ্র রায়ের উদাহরণ উল্লেখ করে তিনি বলেন, মানবিক আচরণ একজন রোগীর অর্ধেক রোগ সারিয়ে তুলতে পারে।
রাজশাহীর স্বাস্থ্য খাতের উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, রাজশাহীতে একটি ডেন্টাল মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং চীন সরকারের সহযোগিতায় একটি আধুনিক বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ১২ তলা হাসপাতাল ভবনের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করা এবং শিশু হাসপাতালকে পূর্ণাঙ্গভাবে চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বক্ষব্যাধি বিশেষজ্ঞ ও বিএমএর সাবেক সভাপতি ডা. মো. ওয়াসিম হোসেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিএমএর সাবেক সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মোফাখারুল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খোন্দকার মো. ফয়সাল আলম, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জহিরুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ডা. মনোয়ার তাবিথ, ট্রেজারার মো. জামান মিঞা, সার্জারি বিভাগের প্রধান ডা. মনিরুজ্জামান বাবলু, মেডিসিন বিভাগের প্রধান ডা. হাসান তারিখ এবং গাইনি বিভাগের প্রধান ডা. নার্গিস জাহান ছন্দাসহ অন্যরা।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, শিক্ষক, নবীন চিকিৎসক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে ৬২তম ব্যাচের ২১৬ জন ইন্টার্ন চিকিৎসক আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।

