উত্তরা প্রতিদিন
ঢাকা

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতাই সবচেয়ে বড় শক্তি: রাজশাহীর ডিসি

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১ আগস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ণ
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতাই সবচেয়ে বড় শক্তি: রাজশাহীর ডিসি

ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন জনসচেতনতা, পরিচ্ছন্ন পরিবেশ এবং মানুষের সক্রিয় অংশগ্রহণ। একই সঙ্গে পরিবেশ রক্ষায় প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম।

আজ শনিবার পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ‘রোধ করি ডেঙ্গু ও প্লাস্টিক-পলিথিন দূষণ’ প্রতিপাদ্যে আয়োজিত বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও পুঠিয়া পৌরসভার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই কোনো একক প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। প্রতিটি পরিবারকে নিজেদের বাড়ি, আঙিনা, ছাদ, ড্রেন ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন বৃষ্টির পানি জমে মশার প্রজননক্ষেত্র তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, সচেতনতার অভাবেই অনেক সময় ডেঙ্গুর ঝুঁকি বেড়ে যায়। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণই ডেঙ্গু নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

প্লাস্টিক ও পলিথিন দূষণের প্রসঙ্গ তুলে জেলা প্রশাসক বলেন, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিন এখন পরিবেশের জন্য বড় হুমকিতে পরিণত হয়েছে। এসব বর্জ্য মাটি, পানি ও জীববৈচিত্র্যের ক্ষতি করছে। তাই প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. সবুর আলী, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সূচনা মনোহরাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতা বৃদ্ধি এবং প্লাস্টিক-পলিথিনের ব্যবহার কমানোর উদ্যোগ একযোগে বাস্তবায়ন করতে হবে। সরকারি কর্মসূচির পাশাপাশি নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা গেলে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্য অর্জন সহজ হবে।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এ সময় তারা বিভিন্ন এলাকা পরিদর্শন করে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন এবং ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের কর্মসূচি নিয়মিত পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

Read more — উত্তরাঞ্চল
Home