উত্তরা প্রতিদিন
ঢাকা

মোহনপুরে ট্রাকের নিচে মোটরসাইকেল, দুই ভাইসহ নিহত ৩

উত্তরা প্রতিদিন মোহনপুর প্রতিবেদক ১ আগস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ণ
মোহনপুরে ট্রাকের নিচে মোটরসাইকেল, দুই ভাইসহ নিহত ৩

রাজশাহীর মোহনপুরে বালুবাহী ট্রাকের নিচে মোটরসাইকেল চাপা পড়ে দুই সহোদর ভাইসহ তিন তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহত আরেকজন শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এক রাতের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছে একটি পরিবার। তাদের বাড়ি ও আশপাশের এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতরা হলেন- মোহনপুর উপজেলার কেশরহাট পৌর এলাকার সাকেয়া গ্রামের রফিজ উদ্দিনের ছেলে কাইযুম ইসলাম রাতুল (১৮) ও তার বড় ভাই স্বাধীন (২২)। অপর নিহত ব্যক্তি একই উপজেলার সিংহমারা গ্রামের শফিকুল ইসলামের ছেলে লিমন (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মোহনপুর উপজেলার কেশরহাট ডিগ্রি কলেজের প্রধান ফটকের সামনে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবাহী ট্রাকের নিচে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই রাতুল ও লিমনের মৃত্যু হয়। গুরুতর আহত স্বাধীনকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনিও মারা যান।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতেই রাতুলের মৃত্যুর সংবাদে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে সাকেয়া গ্রামের পরিবেশ। একই সময়ে পরিবারের সদস্যরা আহত স্বাধীনকে বাঁচাতে হাসপাতালে ছুটে বেড়াচ্ছিলেন। কিন্তু সকালেই তার মৃত্যুর খবর পৌঁছালে শোক আরও গভীর হয়। এক রাতের ব্যবধানে দুই ছেলেকে হারিয়ে পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন।

নিহতদের স্বজনরা জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হবে। দুই ভাইয়ের একসঙ্গে মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত রাতুলের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Read more — উত্তরাঞ্চল
Home