উত্তরা প্রতিদিন
ঢাকা

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকতে পারবেন না: রিজভী

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১ আগস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ণ
পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকতে পারবেন না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর শিল্পবিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, কোনোভাবে পরাজিত শক্তির উত্থান হলে কেউ স্থির থাকতে পারবেন না, কেউ নিরাপদও থাকতে পারবেন না।

তিনি বলেন, পরিকল্পিতভাবে সন্ত্রাসের আবহ সৃষ্টি করে যারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন, তারা সফল হবেন না; বরং নিজেরাই সেই ঘোলা পানিতে ডুবে যাবেন।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে নাটোর শহরের আলাইপুরে জেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে জেলা পরিষদের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬-২৭ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী আহমেদ বলেন, ‘বিএনপি নির্বাচনের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার তা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এরইমধ্যে বিভিন্ন এলাকায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে। খাল-বিল পুনঃখননের কাজও চলমান। বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুর লক্ষ্যে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চলছে। নতুন শিল্পসংযোগ (ইন্ডাস্ট্রিয়াল লিংকেজ) তৈরির বিষয়েও পরিকল্পনা নেওয়া হচ্ছে।’

 

সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, ‘সমালোচনা করুন, সরকারের নীতির বিরোধিতা করুন—এটি গণতান্ত্রিক অধিকার। তবে মিথ্যাচার, অপপ্রচার ও চরিত্রহননের রাজনীতি থেকে বিরত থাকতে হবে। শেখ হাসিনার সময়ের মতো এখন আর সেলফ-সেন্সরশিপের পরিবেশ নেই। মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে, তবে তা দায়িত্বশীল হতে হবে।’

এর আগে বিকেলে নাটোর সুগার মিল পরিদর্শন করেন রুহুল কবির রিজভী আহমেদ। সেখানে তিনি বলেন, মৌসুমি শিল্প হিসেবে পরিচালিত চিনিকলগুলোকে সারা বছর উৎপাদনমুখী রাখার লক্ষ্যে সরকার কাজ করছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে। বিএনপিকে উদ্দেশ করে অশালীন বক্তব্য দেওয়া হচ্ছে। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। তিনি বলেন, ৫ আগস্টের গণআন্দোলনের চেতনা যেন বিনষ্ট না হয়, সেটিই আমাদের লক্ষ্য।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন প্রমুখ।

 

Read more — উত্তরাঞ্চল
Home