উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে দিনে-দুপুরে ব্যবসায়ীর সাড়ে ১২ লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ণ
রাজশাহীতে দিনে-দুপুরে ব্যবসায়ীর সাড়ে ১২ লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই

রাজশাহী নগরীতে দিনের আলোয় এক ব্যবসায়ীর কাছ থেকে ১২ লাখ ৫০ হাজার টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ওই ব্যবসায়ী বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর রাজপাড়া থানার বহরমপুর নিমতলা পেঁয়াজ মোড়ে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম মো. চাঁদ (৩৮)। তিনি নগরীর মালদা কলোনীর বাসিন্দা ও শাহ মখদুম থানার মোড় এলাকায় এসআর ট্রেডার্স নামের একটি হার্ডওয়্যার দোকানের স্বত্বাধিকারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাইকে করে ব্যবসায়িক কাজে যাচ্ছিলেন চাঁদ। পথে নগরীর আলিগঞ্জের পিঁয়াজের মোড়ে পৌঁছালে পথ রোধ করে কয়েকজন যুবক তার মোটরসাইকেল থামিয়ে প্রথমে চাবি কেড়ে নেয় এবং বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে অচেতন করে ফেলে। পরে তার টাকার ব্যাগ ও মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন মো. চাঁদ বলেন, “কাশিয়াডাঙ্গা থেকে টাকা কালেকশন করে ফিরছিলাম। পথেই তিনজন যুবক আমার মোটরসাইকেল থামিয়ে চাবি নিয়ে নেয়। আমি কারণ জানতে চাইলে তারা হামলা চালায়। এক পর্যায়ে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরলে দেখি হাসপাতালে শুয়ে আছি। আমার কাছে থাকা সাড়ে ১২ লাখ টাকা ও মোটরসাইকেল নিয়ে তারা পালিয়েছে। ছিনতাইকারীদের আমি চিনতে পারিনি। তারা এমনভাবে মাথায় আঘাত করেছে আমার নাক দিয়ে এখনো রক্ত ঝরছে।'

ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কয়েকজন যুবক প্রথমে ব্যবসায়ীকে থামতে ইঙ্গিত দেন। তিনি থামলে মোটরসাইকেলের সামনে দাঁড়িয়ে চাবি ছিনিয়ে নেন। পরে মাথায় লাঠি দিয়ে আঘাত করে তাকে মাটিতে ফেলে কয়েক দফা আঘাত করেন। কিছুক্ষণ পর আশপাশের লোকজন দৌড়ে এলে তারা দ্রুত টাকার ব্যাগ ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পাশের একটি দোকান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ছিনতাইকারীদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

Read more — উত্তরাঞ্চল
Home