
রাজশাহী মহানগরীতে ৯৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৯ হাজার টাকা ও পাঁচটি মোবাইল ফোনসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে নগরের শাহমখদুম থানার ভাড়ালীপাড়া এলাকার শহীদ জিয়া পার্কসংলগ্ন একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন, নগরীর এয়ারপোর্ট থানার ভোলাবাড়ী এলাকার আলামিন ইসলাম (৩২) ও তার স্ত্রী মোছা. সানজিদা আক্তার নিশি (২৮)।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) শাহমখদুম থানায় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান।
তিনি জানান, পুলিশ কমিশনারের কাছে গোপন তথ্য আসে যে ওই দম্পতি বাসায় বিপুল পরিমাণ ইয়াবা মজুত রেখে মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করছেন। তথ্যের ভিত্তিতে পুলিশ কমিশনার তাৎক্ষণিক অভিযান পরিচালনার নির্দেশ দেন এবং নিজেই অভিযানের সার্বিক তদারকি করেন।
পরে বায়া বাজার পুলিশ ফাঁড়ি ও শাহমখদুম থানা পুলিশের যৌথ দল রাত পৌনে ৩টার দিকে অভিযানে যায়। অভিযানে ওই ভাড়া বাসা তল্লাশি করে ৯৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির ১৯ হাজার টাকা এবং পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে ওই দম্পতি মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এছাড়া আলামিন ইসলামের বিরুদ্ধে একটি মাদক মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহমখদুম থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান আরএমপির মুখপাত্র।

