উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহী কলেজে ছাত্রলীগ-সংশ্লিষ্টতার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২৯ জুলাই ২০২৬, ০৩:৪০ অপরাহ্ণ
রাজশাহী কলেজে ছাত্রলীগ-সংশ্লিষ্টতার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহী কলেজে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলন নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। পরে একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

আজ বুধবার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসের পদ্মপুকুর এলাকার সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক মেহেদী হাসান (২৬) সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি রাজশাহীর পবা উপজেলার মাধাইপাড়া গ্রামের লুৎফুর রহমানের ছেলে।

শিক্ষার্থীদের অভিযোগ করে বলেন, মেহেদী হাসান ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলন নিয়ে আপত্তিকর মন্তব্য করে আসছিলেন। এসব অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে তার ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতার সঙ্গে যোগাযোগের তথ্য এবং আওয়ামী লীগের বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে সক্রিয় থাকার আলামত পাওয়া গেছে বলে উপস্থিত শিক্ষার্থীরা দাবি করেন।

পরে তাকে রাজশাহী বোয়ালিয়া মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রাজশাহী বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী বলেন, 'মেহেদী হাসানকে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

Read more — উত্তরাঞ্চল
Home