উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে পদ্মায় নৌকা ডুবে বাবা-ছেলে নিখোঁজ

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ণ
রাজশাহীতে পদ্মায় নৌকা ডুবে বাবা-ছেলে নিখোঁজ

রাজশাহীর পদ্মা নদীতে খড় কেটে ফেরার পথে নৌকাডুবির ঘটনায় বাবা ও ছেলে নিখোঁজ হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে নগরের বড়কুঠি এলাকার মাঝ পদ্মায় এ দুর্ঘটনা ঘটে।

নৌকায় থাকা অন্য ছয়জন প্রাণে বাঁচলেও নিখোঁজ দুজনের সন্ধানে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

নিখোঁজরা হলেন পবা উপজেলার শ্যামপুর ইউনিয়নের শান্তিনগর এলাকার কাউসার (৬০) ও তার ছেলে জিয়ারুল ইসলাম (৪০)। দুর্ঘটনার সময় নৌকায় থাকা জিয়ারুলের মা জাহেরা বেগমসহ ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, পদ্মা নদীতে জেগে ওঠা একটি চরে খড় কাটতে গিয়েছিলেন তারা। কাজ শেষে একটি নৌকায় করে বাড়ি ফেরার পথে মাঝ নদীতে প্রবল স্রোতের মুখে নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে একজন নারীসহ মোট আটজন আরোহী ছিলেন। নৌকা ডুবে যাওয়ার পর বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠলেও কাউসার ও জিয়ারুল নদীর পানিতে তলিয়ে যান।

খবর পেয়ে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে নদীর তীব্র স্রোতের কারণে অভিযান পরিচালনায় বেগ পেতে হচ্ছে।

রাজশাহী সদর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মুঞ্জিল হক জানান, নিখোঁজ বাবা-ছেলেকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। স্রোত বেশি থাকায় উদ্ধার কার্যক্রম কিছুটা ব্যাহত হলেও অভিযান অব্যাহত রয়েছে।

Read more — উত্তরাঞ্চল
Home