উত্তরা প্রতিদিন
ঢাকা

উত্তরা প্রতিদিনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এক যুগের পথচলায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়
উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২৫ জুলাই ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ণ
উত্তরা প্রতিদিনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে দৈনিক উত্তরা প্রতিদিন ১২ বছর অতিক্রম করেছে। এ উপলক্ষে শনিবার (২৫ জুলাই) রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে দিনব্যাপী আয়োজিত প্রতিনিধি সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন, সাংবাদিক, সুধীজন এবং রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত উত্তরা প্রতিদিনের প্রতিনিধিরা অংশ নেন।

প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি বলেন, দৈনিক উত্তরা প্রতিদিন গত ১২ বছর ধরে নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সংবাদ পরিবেশন করে উত্তরাঞ্চলের মানুষের আস্থা অর্জন করেছে। নানা প্রতিকূলতার মধ্যেও পত্রিকাটি সমাজের দর্পণ হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে।

তিনি আরও বলেন, একটি গণমাধ্যমের সাফল্যের পেছনে সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের আন্তরিক প্রচেষ্টার পাশাপাশি সমাজের দায়িত্বশীল মানুষের সহযোগিতাও প্রয়োজন। ভবিষ্যতেও তিনি উত্তরা প্রতিদিনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমীর ড. মাওলানা কেরামত আলী, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম ছায়েদুর রহমান, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী, রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান, রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর এবং রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মোর্তুজা গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরেন।

এছাড়া রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (আরটিজেএ) সভাপতি শ. ম. সাজু, রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলী, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম।

সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, গণমাধ্যম সমাজের আয়না এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতাই একটি গণতান্ত্রিক সমাজকে এগিয়ে নিতে পারে। উন্নয়ন, সুশাসন, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা, নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের সমাজের ইতিবাচক দিকগুলোও তুলে ধরতে হবে, যাতে মানুষ উৎসাহিত হয় এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকে। তিনি দৈনিক উত্তরা প্রতিদিন-এর ১২ বছরের সফল পথচলার প্রশংসা করে বলেন, উত্তরাঞ্চলের মানুষের সুখ-দুঃখ, সম্ভাবনা ও সমস্যা তুলে ধরার মাধ্যমে পত্রিকাটি ইতোমধ্যে পাঠকের আস্থা অর্জন করেছে। আগামী দিনেও এই ধারা অব্যাহত রেখে আরও সমৃদ্ধ ও গ্রহণযোগ্য গণমাধ্যম হিসেবে উত্তরা প্রতিদিন এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

সমাপনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান এবং রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন।

দুই অধিবেশনেই সভাপতিত্ব করেন দৈনিক উত্তরা প্রতিদিন-এর প্রকাশক খন্দকার আউলিয়া রাজিব ওয়াহিদ। সভাপতির বক্তব্যে তিনি পত্রিকার ১২ বছরের পথচলার নানা অভিজ্ঞতা, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, পাঠকের আস্থা ও প্রতিনিধিদের আন্তরিক সহযোগিতাই উত্তরা প্রতিদিনের সবচেয়ে বড় শক্তি। আগামী দিনেও বস্তুনিষ্ঠ ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে উত্তরাঞ্চলের মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবিব অপু, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন (আরটিজেএ) এর সাধারণ সম্পাদক রাসেল মোস্তাফিজ, দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকার সম্পাদক ইয়াকুব আলী শিকদার, বেসরকারি টেলিভিশন চ্যালেন ডিবিসি নিউজ ও সমকালের রাজশাহী ব্যুরো প্রধান সৌরভ হাবীব, বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু, উত্তরা প্রতিদিনের নির্বাহী সম্পাদক মৌসুমী আক্তার, বার্তা সম্পাদক আমজাদ হোসেন শিমুল, বিশেষ প্রতিবেদক সুজন আলী, প্রধান প্রতিবেদক আবু সাঈদ রনি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রিপোর্টার সাখাওয়াত হোসেন, দৈনিক কালবেলার প্রতিনিধি মো. শামীম, মাছরাঙা টেলিভিশনের ক্যামেরাপার্সন মাহফুজুর রহমান রুবেল, চ্যানেল ওয়ানের ক্যামেরাপার্সন রুবেল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মীর কাদির, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আশিকুল ইসলাম ধ্রুব, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জুল ইকরাম ফেরদৌস ইবতিদা প্রমুখ।

প্রতিনিধি সম্মেলনে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রতিনিধিদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সংবাদ পরিবেশনের মানোন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে নতুন প্রতিনিধিদের পরিচয়পত্র প্রদান এবং সেরা প্রতিনিধিদের সম্মাননা স্মারক তুলে দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। প্রিন্ট ভার্সনের পাশাপাশি অনলাইন, মাল্টিমিডিয়া ও বিজ্ঞাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সেরা প্রতিবেদক নির্বাচিত হন পত্রিকাটির প্রধান প্রতিবেদক আবু সাঈদ রনি, বরেন্দ্র প্রতিবেদক মো. সৈয়দ মাহমুদ (শাওন), দুর্গাপুর প্রতিবেদক মো. রাজু আহমেদ, পুঠিয়া প্রতিবেদক মিজানুর রহমান, 

নাটোর প্রতিবেদক মো. জামাল উদ্দিন, নওগাঁ প্রতিবেদক মো. রাকিব হোসাইন, বদলগাছী প্রতিবেদক মো. সাগর হোসেন, কম্পিউটার ইনচার্জ শরিফুল ইসলাম (শিমুল), বড়াইগ্রাম প্রতিবেদক বেলাহাজ উদ্দিন (বাঁধন), বিজ্ঞাপন ম্যানেজার মো. রায়হান হোসেন ও সার্কুলেশন ম্যানেজার মো. শাহানুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা দৈনিক উত্তরা প্রতিদিন-এর দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং দেশের সাংবাদিকতায় সত্যনিষ্ঠা, পেশাদারিত্ব ও নৈতিক মূল্যবোধ আরও সুসংহত করার আহ্বান জানান।

Read more — উত্তরাঞ্চল
Home