
তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ও অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। তিনি বলেন, শিক্ষকরা সমাজের দর্পণ ও জাতির মেরুদণ্ড। কোনো শিক্ষার্থী বিপথে চলে গেলে তাকে ঘৃণা নয়, ভালোবাসা, দিকনির্দেশনা ও সঠিক শিক্ষার মাধ্যমে আলোর পথে ফিরিয়ে আনতে হবে।
শনিবার দুপুরে রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি) অডিটোরিয়ামে ২০২৬ শিক্ষাবর্ষের ছাত্রকল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকাশের পাশাপাশি বিনয়, শৃঙ্খলা ও সহমর্মিতার চর্চা জরুরি। নবনির্বাচিত ছাত্র প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, নেতৃত্ব যেন কখনো অহংকারের কারণ না হয়। সহপাঠীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এবং শিক্ষকদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের মাধ্যমে একটি আদর্শ শিক্ষাঙ্গণ গড়ে তুলতে হবে।
স্মৃতিচারণ করে তিনি বলেন, রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকে শুধু রাজশাহী নয়, দেশ-বিদেশে অসংখ্য খ্যাতিমান শিক্ষাবিদ তৈরি হয়েছেন। তাঁর স্ত্রীসহ পরিবারের একাধিক সদস্যও এই প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জন করেছেন বলে তিনি উল্লেখ করেন।
প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনার কথাও তুলে ধরেন ভূমিমন্ত্রী। তিনি জানান, কলেজের জন্য একটি বহুতল একাডেমিক ভবন, অত্যাধুনিক অডিটোরিয়াম এবং দুটি নতুন ছাত্রাবাস নির্মাণের পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন প্রক্রিয়ায় রয়েছে। পাশাপাশি কলেজের খেলার মাঠকে আরও আধুনিক ও দৃষ্টিনন্দন করার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
শিক্ষক সমাজের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শিক্ষাদানের মহান ব্রতকে ধারণ করে শিক্ষকদের হারানো মর্যাদা ও গৌরব পুনরুদ্ধারে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি কলেজের সার্বিক উন্নয়ন ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিশ্বজিৎ ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মো. রফিকুল ইসলাম এবং রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে ছাত্রকল্যাণ পরিষদের নবনির্বাচিত সদস্যদের বরণ করে নেওয়া হয় এবং তাদের শপথ পাঠ করানো হয়। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কলেজের শিক্ষক-শিক্ষার্থী, নির্বাচন পরিচালনা কর্মকর্তাসহ নবনির্বাচিত ছাত্রকল্যাণ পরিষদের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

