
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। এছাড়া একটি ককটেল বিস্ফোরণের আলামতও পাওয়া গেছে।
শুক্রবার (২৫ জুলাই) দিবাগত গভীর রাতে উপজেলার চানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে দুর্বৃত্তরা আব্দুর রাজ্জাকের বাড়িকে লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হলে বিকট শব্দে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাগমারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে এবং তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, হামলার কিছুক্ষণ আগেই তিনি ঢাকা থেকে বাড়িতে ফিরেছিলেন। কারা এ হামলা চালিয়েছে, তা তিনি নিশ্চিত নন। তাঁর ভাষ্য, ব্যক্তিগতভাবে কারও সঙ্গে তাঁর কোনো বিরোধ নেই। তিনি আসন্ন পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে রাজনীতি করে আসছেন। এমন পরিস্থিতিতে এ হামলার ঘটনায় তিনি বিস্ময় প্রকাশ করেন।
ঘটনার পর স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির বিভিন্ন নেতাকর্মী হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করে পোস্ট করেন। তবে এ অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে ভবানীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয় থেকে বের হওয়া মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোডাউন মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। শনিবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

